বুনন উৎসবের পর্দা উঠল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সামরিক জাদুঘর মাঠে গতকাল শুরু হওয়া বুনন উৎসবে ফ্যাশন শোর একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো
ঢাকার সামরিক জাদুঘর মাঠে গতকাল শুরু হওয়া বুনন উৎসবে ফ্যাশন শোর একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো

বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে পুনরুজ্জীবিত করার প্রত্যয় সামনে রেখে ঢাকায় শুরু হয়েছে ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল, ২০১৬। গতকাল বৃহস্পতিবার বিজয় সরণির পাশে সামরিক জাদুঘর মাঠে এই বুনন উৎসবের উদ্বোধন করেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিন দিনব্যাপী এ উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দেশি পোশাক পরুন, দেশি পোশাক কিনুন।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, যে কয়েকটি জিনিস বিশ্বের জায়গায় জায়গায় বাংলাদেশকে পরিচিত করেছে, আলোকিত করেছে, তাঁতশিল্প তার মধ্যে অন্যতম। এই উৎসব বাংলাদেশের তাঁতশিল্প ও এর সঙ্গে জড়িত শিল্পীদের বিশ্বের দরবারে নতুন করে তুলে ধরবে।
অনুষ্ঠানে উৎসবের আয়োজকদের কো-চেয়ার টুটলি রহমান রচিত দ্য উইভার্স থ্রেডস নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রতিমন্ত্রী। দেশের তাঁতশিল্পকে পুনরুজ্জীবিত করতে দেশি পোশাক কেনা ও ব্যবহারের জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বইটির লেখক টুটলি রহমান বলেন, ‘এই বইয়ে বাংলাদেশের তাঁতশিল্পের ইতিহাস ও এর সঙ্গে জড়িত শিল্পীদের অনেক না বলা গল্প আছে। পরিচর্যা ও পৃষ্ঠপোষকতার অভাবে অনেকে এই পেশা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন। আমাদের বিশ্বাস, ঐতিহ্যবাহী শিল্পটি আবার নতুন করে জেগে উঠবে। সে লক্ষ্যে বিশেষত নারী তাঁতিদের নিয়ে আমরা কাজ করছি।’
এ উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশসহ যুক্তরাজ্য, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের মোট ২৫ জন জনপ্রিয় ডিজাইনার। উৎসবের প্রথম দিনে ফ্যাশন শোর মাধ্যমে ঐতিহ্যবাহী খাদি ও জামদানি কাপড়ে তৈরি পোশাকের প্রদর্শন করা হয়। প্রদর্শিত হয় টুটলি রহমান ও স্যামুয়েল হকের নির্দেশনায় জামদানির ওপর বিশেষ নাটক। ছিল মৌ ও তাঁর দলের নাচ এবং ভারতীয় ফ্যাশন হাউস বাই লুম ও অর্ণব সেনগুপ্তের নকশা করা পোশাকের প্রদর্শনীসহ অনেক আয়োজন।
উদ্বোধনী দিনে উৎসবস্থল পরিদর্শন করেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। উৎসবে এসে নিজের ভালো লাগার অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ‘আমিও বাংলাদেশের তাঁতে বোনা কাপড় পরতে পছন্দ করি।’
আয়োজকদের পক্ষ থেকে আজীবন সম্মাননা দেওয়া হয় টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মুনিরা এমদাদকে। অনুষ্ঠানের শেষ অংশে ছিল গানের আয়োজন। এ ছাড়া উৎসবস্থলের মূল ফটক দিয়ে ঢুকে ডান দিকে তৈরি করা হয়েছে মক ভিলেজ। যেখানে তাঁতিরা দর্শনার্থীদের গামছা, খাদি ও জামদানি বোনা দেখান। ছিল চরকায় সুতা কাটার ব্যবস্থা।
আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে থাকছে গামছা ও মসলিন কাপড়ের ফ্যাশন শো। শেষ দিনে দেখানো হবে ক্ষুদ্র জাতিসত্তা ও মিরপুরের বেনারসি প্রদর্শনী। সহজ ডটকমের মাধ্যমে বিনা মূল্যে নিবন্ধন করা ব্যক্তিরাই আন্তর্জাতিক বুনন উৎসবে যোগ দিতে পারবেন। প্রতিদিন উৎসব চলবে বিকেল সাড়ে পাঁচটা থেকে মধ্যরাত পর্যন্ত।