বুনো হাতিটি এখন জামালপুরের চরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের চড়াইহাটি চরে আটকে থাকা হাতি l ফাইল ছবি
কুড়িগ্রামের চড়াইহাটি চরে আটকে থাকা হাতি l ফাইল ছবি

বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় হাতিটি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল চড়াইহাটি থেকে দক্ষিণে সরে গেছে। গতকাল সোমবার তাকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার টিকাজানী ইউনিয়নের টিনেরচর এলাকায় দেখা গেছে।
এদিকে ১৪ দিনেও হাতিটিকে উদ্ধার করতে না পেরে রাজশাহী থেকে আসা সাত সদস্যের দলটি ফিরে গেছে। তবে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে আসা তিনজন মাহুত নৌকা নিয়ে হাতিটির পেছন পেছন ঘুরছেন।
সাত সদস্যের দলটির সদস্য রাজশাহী বন্য প্রাণিসম্পদ সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, হাতিটি গত রোববার গাইবান্ধার ফুলছড়ি এলাকার একটি পাটখেতের ভেতরে ছিল। তাঁরা খুঁজে পাচ্ছিলেন না। পরে স্থানীয় লোকজন ও জেলেদের সহায়তায় গতকাল দেওয়ানগঞ্জ উপজেলার টিনেরচরে পাওয়া যায়। এলাকাটি বন্য প্রাণিসম্পদ সংরক্ষণ অধিদপ্তরের শেরপুর বিভাগের অধীন। তাই শেরপুর বিভাগকে বিষয়টি জানিয়ে তাঁরা রাজশাহীতে ফিরে গেছেন। তিনি আরও বলেন, হাতিটির গতিবিধি পর্যবেক্ষণ ছাড়া তাঁদের সাত সদস্যের দলটি কিছুই করতে পারেনি। দলটি ফিরে গেলেও বঙ্গবন্ধু সাফারি পার্কের তিন মাহুত নৌকায় করে হাতিটি পর্যবেক্ষণে রেখেছেন।
রাজশাহী বন্য প্রাণিসম্পদ সংরক্ষণ অধিদপ্তরের সহকারী সার্জন সোহেল রানা বলেন, টানা ১৪ দিন প্রয়োজনীয় খাবার না পেয়ে এবং পানিতে থাকতে থাকতে হাতিটি দুর্বল হয়ে পড়েছে। বুনো হাতি হওয়ায় মাহুত দিয়ে কাছে আনার চেষ্টা করেও তাঁরা সফল হননি।
গত ২৮ জুন ভারতের আসাম রাজ্যের শিশুমারা পাহাড়ি এলাকা থেকে বুনো হাতিটি ব্রহ্মপুত্র নদের পানিতে ভেসে কুড়িগ্রাম জেলায় আসে। পরে সেটি এক চর থেকে আরেক চরে যায়।