বুনো হাতির পথে পথে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা কাকতালীয় হতে পারে। বিশ্ব হাতি দিবসের ঠিক আগের দিন গতকাল বৃহস্পতিবার উদ্ধার হলো ভারত থেকে বন্যার পানিতে ভেসে এসে আটকে পড়া বুনো হাতিটি। তবে এই হাতিটিকে ভাগ্যবান বলতে হবে। কেননা, গত এক যুগে খুব কম বুনো হাতির কপালেই জুটেছে মানুষের এ রকম সহযোগিতামূলক আচরণ। গত এক যুগে দেশে ৬৯টি হাতি মানুষের হাতে মারা গেছে। এর মধ্যে গত এক বছরেই মারা গেছে সাতটি হাতি।
বন বিভাগের হিসাবে দেশে বুনো হাতি আছে মাত্র ১২২টি। আরও ৮০টি হাতি ভারত-বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকায় আসা-যাওয়ার মধ্যে থাকে। মারা পড়া হাতির মধ্যে বেশির ভাগই সীমান্ত পথে বিচরণকারী। গত মাসে তিনটি গুলিবিদ্ধ হাতি শেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এক দিনের মধ্যে মারা যায়। বন বিভাগ থেকে ভারত থেকে আসা ওই হাতিগুলোকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয়নি।
এ ব্যাপারে সহকারী প্রধান বন সংরক্ষক ও হাতি গবেষক জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ‘হাতির বাসস্থান ও বিচরণ এলাকা ক্রমাগত সংকুচিত হচ্ছে। মানুষ হাতির প্রাকৃতিক আবাসস্থল দখল করছে। ফলে হাতির স্বাভাবিক বিচরণক্ষেত্রকেই আমরা জনবসতিতে হাতির অনুপ্রবেশ হিসেবে বিবেচনা করছি। দেশে যে শতাধিক হাতি আছে, তা রক্ষা করতে হলে হাতির বিচরণ এলাকাগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে রক্ষা করতে হবে।’
বন বিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) তিন বছর গবেষণা চালিয়ে বাংলাদেশে হাতির ১২টি বিচরণ ও চলার পথ চিহ্নিত করেছে। এর মধ্যে কক্সবাজারে আটটি, চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে দুটি ও শেরপুরে দুটি বিচরণ এলাকা রয়েছে। এসব এলাকায় হাতির জন্য ৬৩টি ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। এগুলোর বেশির ভাগই মানুষের তৈরি। দেশের মধ্যে হাতির বিচরণ এলাকায় রোহিঙ্গা শরণার্থী শিবির, সড়ক ও বাড়িঘর তৈরি হয়েছে।
ভারত, বাংলাদেশ ও মিয়ানমার সীমানায় বিচরণ করা হাতির জন্য প্রধান বাধা হিসেবে সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়াকে চিহ্নিত করেছে আইউসিএন। বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় হাতির নিরাপদ চলাচলের জন্য দুই দেশের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। হাতি রক্ষায় একটি প্রটোকলের খসড়া তৈরি হয়েছে। কিন্তু কাঁটাতারের বেড়া দিয়ে কীভাবে হাতিগুলোর বিচরণের পথ করে দেওয়া যায়, সে ব্যাপারে এখনো দুই দেশ মতৈক্যে পৌঁছাতে পারেনি।
এ ব্যাপারে আইইউসিএনের হাতি প্রকল্পের কর্মকর্তা আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, বাংলাদেশের শেরপুর ও কক্সবাজার সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় হাতির আবাসস্থল প্রায় ধ্বংস হয়ে গেছে। ফলে বাংলাদেশে তারা ফসল পাকার সময় খাবার খুঁজতে আসে। কিন্তু কাঁটাতারের বেড়ার কারণে অনেক সময় ফিরতে পারে না। ফলে তারা বসতি এলাকায় ঘোরাফেরা করলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে হাতির ওপরে হামলা চালায়। আবার ভারত থেকে অনেক ক্ষেত্রে গুলিবিদ্ধ ও আহত হাতি বাংলাদেশে এসে মারা যাচ্ছে। এভাবে হাতি ক্রমাগত কমে আসছে।