বুনো হাতিটি এখন যমুনার চরে
ব্রহ্মপুত্রের ঢলে ভারতের আসাম থেকে ভেসে আসা একটি বুনো হাতি বগুড়ার যমুনা নদীর দুর্গম চর চালুয়াবাড়ির হরিরামপুর-কাশিয়ারপুর কাশবনে আটকা পড়েছে।
সারিয়াকান্দি থানার পুলিশ জানায়, গত ২৮ জুন কুড়িগ্রামের রৌমারীর ব্রহ্মপুত্র অববাহিকা হয়ে ঢলের পানিতে ভেসে বাংলাদেশে ঢুকে পড়া এই হাতিটি প্রায় এক শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বর্তমানে সারিয়াকান্দিতে যমুনার চরে আটকা পড়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওয়াদুজ্জামান বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে বন বিভাগ এবং বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে।
সারিয়াকান্দি উপজেলার চলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকার বলেন, দুর্গম চরে আটকা পড়ায় লোকজন হাতিটির কাছে যেতে পারছে না। বিষয়টি স্থানীয় বন বিভাগের কর্মকর্তা ও পুলিশকে জানানো হলেও গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাতিটিকে উদ্ধার করা হয়নি। তিনি আরও বলেন, চালুয়াবাড়ির হরিরামপুর ওই এলাকায় কোনো বসতি নেই। চরের কাশবনে হাতিটি ঘোরাফেরা করছে। হাতিটি দেখতে আশপাশের চরের লোকজন নৌকায় করে সেখানে ভিড় করছে।