বুনো হাতিটি এখন লোকালয়ে, আতঙ্ক
বন্যার পানিতে ভেসে যমুনা নদী হয়ে একটি বুনো হাতি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের একটি চরে অবস্থান করছে। গত সোমবার সন্ধ্যায় হাতিটি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা থেকে পানিতে ভেসে ওই ইউনিয়নের হাজরাবাড়ি এলাকার যমুনা নদীর একটি চরে ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যার দিকে হাতিটি যমুনার পানিতে ভেসে ওই উপজেলার হাজরাবাড়ি এলাকার একটি বালুচরে অবস্থান নেয়। এরপর থেকে সেখানেই অবস্থান করছে। হাতিটি সেখান থেকে গ্রামে ঢুকতে গেলে গ্রামবাসী প্রতিরোধ করেন। খবর পেয়ে সেখানে দেওয়ানগঞ্জ থানা-পুলিশের একটি দল যায়। হাতি যাতে গ্রামে ঢুকতে না পারে, সে জন্য পুলিশ ও গ্রামবাসী পাহারা বসিয়েছেন। হাতিটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইউনিয়নের বাসিন্দারা।
দেওয়ানগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু তাঁরা এখনো সেখানে যাননি। হাতিটি যেকোনো মুহূর্তে গ্রামগুলোতে ঢুকে পড়তে পারে। দ্রুত সময়ের মধ্যে হাতিটি উদ্ধার করার প্রয়োজন। তা না হলে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।
শেরপুরের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা মো. মামুনূর রশিদ বলেন, ‘ওই হাতিটি দুই সপ্তাহ কুড়িগ্রামে ছিল। সোমবার সন্ধ্যায় সেটি পানিতে ভেসে দেওয়ানগঞ্জে চলে আসে। ইতিমধ্যে হাতিটি উদ্ধারে ভারতীয় বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। ভারতীয় বন্য প্রাণী উদ্ধারকারী বিশেষজ্ঞদের নিয়ে এসে হাতিটি উদ্ধার করা হবে। তবে যাতে বুনো হাতিটি ওই ইউনিয়নের গ্রামগুলোতে ঢুকতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হবে।