বুনো হাতির আক্রমণে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানির বিল এলাকায় আজ বুধবার বন্য হাতির আক্রমণে তিনজন নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টায় ও বিকেল পাঁচটায় হাতির আক্রমণের এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া পঞ্চায়েত বাড়ি এলাকার মাহবুবুল আলম (৩৮), কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ ঢেঁকিপাড়া এলাকার মোহাম্মদ সাকিল (১৩) ও নলুয়া ইউনিয়নের মরফলা সোলতান চেয়ারম্যান বাড়ি এলাকার শাহাদাত হোসেন (২৮)।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, ১৪টি বন্য হাতির একটি পাল গতকাল মঙ্গলবার রাতে তেমুহানির বিলে আমন ধানখেতে অবস্থান নেয়। আজ বেলা ১১টার দিকে মাহবুবুল আলম অন্যদের সঙ্গে হাতির পাল দেখতে যান। তিনি মোবাইল ফোনে হাতির ছবি তুলতে গিয়ে হাতির আক্রমণের শিকার হন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

একই স্থানে বিকেলে হাতি দেখতে গিয়ে সাকিল ও শাহাদাত হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় হাতির আক্রমণে আবুল হাসেম (২৬) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হন। ঘটনার পর পর সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর হোসেন জানান, তিন সপ্তাহ ধরে হাতির এই পালটি বাজালিয়া, ছদাহা ও কেঁওচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থান করছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের নিষেধ না মেনে স্থানীয় লোকজন হাতিগুলোকে বিরক্ত করায় এ ঘটনা ঘটেছে।

এর আগে ৭ ডিসেম্বর রাতে এ হাতির পালের আক্রমণে ছদাহা ইউনিয়নের পাহাড়কুল এলাকায় মোহাম্মদ ইউনুচ (৪৫) নামের এক কৃষক নিহত হন।