বুয়েট ছাত্রলীগের চারজনকে শিক্ষা কার্যক্রমের সুযোগ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ চারজনকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এম আমিনউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এম আমিনউদ্দিন প্রথম আলোকে বলেন, চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ছাত্রলীগের এ চার নেতাকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১২ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করেন বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম। এর জের ধরে পরদিন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা ওই শিক্ষককে লাঞ্ছিত করে। পরে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করে বুয়েট। গত ১৮ ও ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে আজীবন বহিষ্কার করা হয়। আর প্রতীক দত্তকে এক বছরের জন্য ও গোলাম সাকলাইনকে হল থেকে বহিষ্কার করা হয়। সিন্ডিকেটের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ওই চার শিক্ষার্থী।

আরও পড়ুন: