বুয়েটের এক শিক্ষার্থীর এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়িত থাকার অপরাধে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড পাওয়া ওই শিক্ষার্থীর নাম মো. নাসির হোসাইন। তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের লেবেল-২, টার্ম-১-এর শিক্ষার্থী। গত শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ কেন্দ্রের একটি কক্ষে এক শিক্ষার্থীর ছবির সঙ্গে চেহারার অমিল থাকায় কক্ষ পরিদর্শকদের সন্দেহ হয়। পরে পরিদর্শকেরা ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। দফায় দফায় জিজ্ঞাসাবাদে তিনি মো. তরিকুজ্জামান নামে এক শিক্ষার্থীর হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি জালিয়াতি চক্রের সঙ্গে বুয়েটের ১৫ থেকে ২০ জনের দল ও কয়েকটি কোচিং সেন্টার জড়িত বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে তথ্য দেন। পরে রাত সাড়ে নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জিয়াউল ইসলাম চৌধুরী ভুয়া ওই পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী শনিবার রাতে সাংবাদিকদের বলেন, দণ্ড পাওয়া শিক্ষার্থীর সঙ্গে বড় চক্র জড়িত। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি জালিয়াতিতে বুয়েটের ১৫ থেকে ২০ জনের দল ও কয়েকটি কোচিং সেন্টারও জড়িত। মূল অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ সরকার প্রথম আলোকে বলেন, নাসির হোসাইনকে শনিবার রাতেই কারাগারে পাঠানো হয়েছে।