বুলডোজার দিয়ে ১১টি ঘর গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা বাজার পশ্চিমপাড়া এলাকায় গতকাল সোমবার জমি দখল করতে গিয়ে একদল সন্ত্রাসী বুলডোজার দিয়ে ১১টি আধাপাকা টিনশেড ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। সন্ত্রাসীরা ঘরের আসবাব ও টিন এবং একটি পরিবহন অফিসের ক্যাশবাক্সে থাকা সাড়ে তিন লাখ টাকা লুট করে।ক্ষতিগ্রস্ত শাহ ফতেহ উল্লাহ ট্রান্সপোর্টের মালিক আবদুল খালেক জানান, পশ্চিমপাড়া এলাকায় পাঁচ শতাংশ জায়গার ওপর তাঁর সাতটি থাকার ঘর, শাহ ফতেহ উল্লাহ ট্রান্সপোর্টের অফিসের জন্য একটি ঘর ও বাকি তিনটি ঘরে দোকান ভাড়া দেওয়া হয়েছে। দুপুর সোয়া ১২টায় স্থানীয় মোসলেম মার্কেটের মালিক মোসলেম মহাজনের ছেলে মামুন, মাসুমের নেতৃত্বে জুয়েল, ইদু, দাঁতভাঙা সেলিমসহ ৮০ থেকে ১০০ লোক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর বাড়ি ও দোকানঘরে হামলা চালায়। ভয়ে ট্রান্সপোর্ট অফিস ও দোকানের লোকজন পালিয়ে যান। সন্ত্রাসীরা বুলডোজার দিয়ে তাঁর বসতবাড়ির সব কক্ষ ও দোকানঘরগুলো ভেঙে মাটিতে মিশিয়ে দেয়। তারা ঘরের টিভি, ফ্রিজ, ফ্যান, খাটসহ সব আসবাব, টিন ও ট্রান্সপোর্ট অফিসের ক্যাশবাক্সে থাকা সাড়ে তিন লাখ টাকা লুট করে। এ অবস্থা দেখে তিনি পুলিশকে খবর দেন। পুলিশের আগমন টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আবদুল খালেক আরও জানান, পাগলার হাবিব মার্কেটের মালিক হাবিবুর রহমানের ছেলে সানোয়ার, বাপ্পী ও মনোয়ারের মালিকানাধীন ১৫ শতাংশ জমি থেকে পাঁচ শতাংশ জমি কিনতে গত ২৭ জুলাই বায়না করেন তিনি। এ জন্য ১২ লাখ টাকাও দেন। আরও চার লাখ টাকা তাঁরা পাবেন। এই জমিতে টিনশেড ঘর নির্মাণের পর মোসলেম মার্কেটের মালিক মোসলেম মহাজনের ছেলেরা জমির মালিকানা দাবি করতে থাকেন। কাগজপত্র দেখিয়ে জমি নেওয়ার কথা বললে তাঁরা এ কথা না মেনে গতকাল বুলডোজার নিয়ে এসে জোর করে তাঁর বাড়ি ভেঙে জায়গা দখল করার চেষ্টা করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার বুলডোজার দিয়ে ঘর ভাঙচুরের কথা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আবদুল খালেক লিখিত অভিযোগ করেছেন।