বুলডোজারের চাপায় ওমানে চার বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানের রাজধানী মাস্কটের ওয়াইতি এলাকায় বুলডোজারের চাপায় চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন বাংলাদেশি। গত রোববার বিকেলে কর্মস্থলে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বুলডোজারটি একজন অদক্ষ চালক চালাচ্ছিলেন। খবর টাইমস অব ওমানের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশি ওই সাতজন শ্রমিক ওমানের মুরিয়া টুরিজম ডেভেলপমেন্ট কোম্পানির একটি প্রকল্পে কাজ করতেন। তাঁরা বুলডোজারের বাকেটে করে রাজধানীর জেবেল সিফাহ এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। একপর্যায়ে সামনে থাকা শ্রমিকেরা পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া চারজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে গত সোমবার সকালে আরেকজনের মৃত্যু হয়।
মাস্কটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, গুরুতর আহত শ্রমিকদের খাওলা হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া চার শ্রমিকের মরদেহ পুলিশ হাসপাতালের মর্গে নেয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে হতাহত সব শ্রমিকই বাংলাদেশি। তবে তাঁদের বিস্তারিত পরিচয় ও ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।