বুলবুল অবশেষে কারামুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে বাসায় ফেরার পথে দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়ছেন রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল l ছবি: প্রথম আলো
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে বাসায় ফেরার পথে দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়ছেন রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল l ছবি: প্রথম আলো

জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর ছয় দিন পর ছাড়া পেলেন রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। গতকাল বুধবার বিকেল পৌনে চারটার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন।
কারা কর্তৃপক্ষ বলছেন, মোসাদ্দেক হোসেনের জামিন আদেশের বিরুদ্ধে একটি ‘মিসড কেস’ হয়েছিল। গতকাল এর শুনানি হয়েছে। কিন্তু আদালত কোনো আদেশ দেননি। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
মোসাদ্দেক হোসেনের আইনজীবী রইসুল ইসলাম বলেন, গত ১৩ মার্চ মোসাদ্দেক হোসেন রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করেন। তখন তাঁর নামে জামিন না নেওয়া নয়টি মামলা ছিল। আত্মসমর্পণ করার পর সাতটি মামলার জামিন রাজশাহীর আদালত থেকে হয়েছে। আর দুটি মামলার জামিন হাইকোর্ট থেকে নেওয়া হয়েছে। এ দুটি মামলা হচ্ছে রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম কামারুজ্জামানের বাসায় বোমা হামলা ও রাজশাহী শহরের কাদিরগঞ্জে নাশকতার মামলা। ২৪ মে হাইকোর্ট থেকে এ দুটি মামলায় জামিন হওয়ার পর কাগজপত্র আদালতের মাধ্যমে ২৬ মে বিকেল পৌনে চারটার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। সেখানে আগে থেকেই দলের নেতা-কর্মী ও পরিবারের লোকজন অপেক্ষা করছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ তাঁদের জানিয়ে দেন যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাঁকে না ছাড়ার জন্য একটি ফ্যাক্স বার্তা এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে সেদিন রাজশাহী জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, ২৬ মে সকাল ১০টার দিকে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে একটি ফ্যাক্স বার্তা পান। তাতে বলা হয়েছে, মোসাদ্দেক হোসেনের জামিন আদেশ স্থগিত করার জন্য একটি ‘ক্রিমিনাল মিসড কেস’ দায়ের করা হয়েছে। ২৯ মে রোববার এটির শুনানির দিন ধার্য করা হয়েছে। শুনানি শেষে মিসড কেস খারিজ হয়ে গেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
গতকাল মোসাদ্দেক হোসেন ছাড়া পাওয়ার পর কারা তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম বলেন, রোববার শুনানি হওয়ার কথা থাকলেও সেদিন শুনানি হয়নি। গতকাল শুনানি হয়েছে। শুনানি শেষে আদালতে ‘নো অর্ডার’ লিখেছেন এমন একটি বার্তা ফ্যাক্সযোগে কারাগারে আসে। একই কার্যালয়ের একটি ফ্যাক্স বার্তা আগের বৃহস্পতিবার তাঁরা পেয়েছিলেন। তিনি বলেন, ‘নো অর্ডার’ লেখা ফ্যাক্স বার্তা পাওয়ার পর বিকেল পৌনে চারটার সময় মোসাদ্দেক হোসেনকে ছেড়ে দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ছাড়া পাওয়ার পর মোসাদ্দেক হোসেন হেতেম খাঁ গোরস্থানে তাঁর বাবার কবর জিয়ারত শেষে বাসায় যান।