বুলেট আর ককটেলে চোখ গেল কিশোর ও পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পুলিশের ছোড়া রাবার বুলেটে এক কিশোর ও জয়পুরহাটে দুর্বৃত্তদের ককটেলে পুলিশের এক সদস্যের চোখ নষ্ট হয়ে গেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর গতকাল মঙ্গলবার ও আগের দিন সোমবার এ দুটি ঘটনা ঘটে। এ ছাড়া আহত হয়েছে আরও দুই তরুণ।
রাজশাহীতে চোখ হারানো কিশোরের নাম ইসহাক আলী। সে নগরের বরেন্দ্র কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র এবং নগরের হড়গ্রাম শেখপাড়ার নাসিম উদ্দিনের ছেলে। ওই কিশোরের বড় ভাই ইসমাইল হোসেন বলেন, প্রতিদিনের মতো গতকাল সকালেও বন্ধুর সাইকেলের পেছনে চড়ে রাজশাহী কলেজ মাঠে ক্রিকেট অনুশীলনে যাচ্ছিল ইসহাক। সাইকেলটি কলেজের রাস্তায় ওঠামাত্র একটি রাবার বুলেট এসে তার পিঠে লাগে। পেছন ফিরে তাকাতেই আরেকটি বুলেট এসে লাগে তার বাঁ চোখে। বন্ধুরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
গতকাল দুপুরে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে গিয়ে দেখা যায়, ইসহাকের বাঁ চোখে ব্যান্ডেজ বাঁধা। পরিবারের সদস্যরা জানান, সকালে এখানে আনা হলেও চোখ থেকে এখনো গুলি বের করা হয়নি। বিকেলের দিকে ইসমাইল জানান, বেলা দেড়টার দিকে তাঁরা রোগী নিয়ে ঢাকায় যাচ্ছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, ইসহাকের চোখটি নষ্ট হয়ে গেছে।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান বলেন, রাজশাহী কলেজের কাছে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। কারও চোখে লেগেছে কি না, তা তাঁর জানা নেই।
এদিকে সোমবার জয়পুরহাট শহরের তিনটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়। শহরের সদর রাস্তার বাটামোড়ে ককটেলে কর্তব্যরত জয়পুরহাট পুলিশের নায়েক দুলু মিয়ার (৪০) ডান চোখ নষ্ট হয়ে গেছে। গুরুতর আহতাবস্থায় তাঁকে প্রথমে জয়পুরহাট হাসপাতালে ও পরে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ককটেলের আঘাতে নায়েক দুলু মিয়ার ডান চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।