স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বুলেটপ্রুফ গাড়ির অনুমতিও চায় বিদেশিরা
সাম্প্রতিক জঙ্গি হামলার পর নিজেদের কূটনীতিকদের এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ তাদের নিয়োজিত নিরাপত্তাকর্মীদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মত চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে ১ জুলাই রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দুই দেশের ১৬ নাগরিক নিহত হওয়ার পর দূতাবাসের জন্য আর্মার্ড ভেহিকেল (বুলেটপ্রুফ এবং বিস্ফোরক নিরোধক উন্নত প্রযুক্তির গাড়ি) চেয়েছে জাপান ও ইতালি। দেশ দুটির পাশাপাশি কানাডা ও নেদারল্যান্ডস একই ধরনের গাড়ি ব্যবহারের অনুমতি দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র গত সোমবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদেশি দূতাবাস ও হাইকমিশনের নিয়োজিত নিরাপত্তাকর্মীদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া যায় কি না, সে সম্পর্কে জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত সপ্তাহের শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই মতামত জানতে চেয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, জাপান, স্পেন, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ তাদের নিয়োজিত বেসরকারি নিরাপত্তাকর্মীদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে।
জানা গেছে, বাংলাদেশের বিদ্যমান আইনে বিদেশিদের অস্ত্র বহনের অনুমতি দেওয়া হয় না। এ ছাড়া তাঁদের নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীদেরও অস্ত্র বহনের কোনো সুযোগ নেই।
কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদ অনুসারে কোনো দেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব স্বাগতিক দেশের কাঁধে পড়ে। কাজেই কূটনীতিকরা যে দেশে কাজ করবেন, সেই দেশটিই তাদের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেবে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বাধীন টাস্কফোর্স আগামীকাল বৈঠকে বসছে। একটি সরকারি সূত্র বলেছে, আগামীকালের বৈঠকে বিদেশিদের অস্ত্র ও আর্মার্ড ভেহিকেল ব্যবহারের অনুরোধ নিয়ে আলোচনা হতে পারে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় স্পেনের দূতাবাস তাদের নিরাপত্তার জন্য গত বছরের অক্টোবরে অস্ত্র বহনকারী তিন স্প্যানিশ পুলিশ মোতায়েনের অনুমতি চেয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো ওই প্রস্তাবে স্পেনের পুলিশের এক কর্মকর্তা ও দুই কনস্টেবলকে ঢাকায় নিয়োগের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। ইতালির নাগরিক সিজার তাবেলা গুলশানে খুন হওয়ার পরই ওই অনুরোধ জানায় স্পেনের দূতাবাস। বাংলাদেশ ওই অনুরোধে সাড়া না দেওয়ায় স্পেন দূতাবাস গত সপ্তাহে আবার অস্ত্র বহনকারী তিন পুলিশ নিয়োগের অনুমতি চেয়েছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, যেহেতু ১ জুলাই জঙ্গি হামলার পর বেশ কিছু দেশ অস্ত্র বহনের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়েছে, তাই পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চাইছে।
এদিকে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর মহাপরিচালক ডেভিড ড্রেক সম্প্রতি ঢাকা সফরের সময় তাঁদের হাইকমিশনকে আর্মার্ড ভেহিকেল আনার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এ সফরের সময় তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান।
সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, অতীতে কয়েকটি দেশকে আর্মার্ড ভেহিকেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তাই এবার কানাডাসহ যে দেশগুলো অনুরোধ জানিয়েছে, তাদেরও এই সুযোগ দেওয়া হবে।
জানতে চাইলে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র অ্যান ম্যাককনেল গতকাল ই-মেইলে প্রথম আলোকে বলেন, নিরাপত্তার কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করে না। বাংলাদেশসহ অনেক দেশের সরকারের মতো যুক্তরাষ্ট্রও বিশ্বজুড়ে তাদের কূটনৈতিক স্থাপনা ও কূটনীতিকদের নিরাপত্তার জন্য স্থানীয় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানকে নিয়োগ করে। বিভিন্ন দেশে সেখানকার বিদ্যমান আইনের সঙ্গে সংগতি রেখে যুক্তরাষ্ট্র অস্ত্রবাহী স্থানীয় নিরাপত্তারক্ষীদের কাজে লাগিয়ে থাকে।
জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাখাওয়াত হোসেন গতরাতে প্রথম আলোকে বলেন, ‘মুম্বাই, পাঠানকোট, প্যারিসে হামলার পর এসব দেশ কি সেখানে অস্ত্র বহনের অনুমতি চেয়েছে? তেমন কথা তো শুনতে পাইনি। বাংলাদেশে এ ধরনের অনুমতি দেওয়ার মাধ্যমে প্রমাণ হবে আমরা বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। পাশাপাশি কয়েকটি দেশকে অনুমতি দেওয়া হলে এই অনুরোধের তালিকা দীর্ঘ হতে থাকবে। কাজেই এ ধরনের অনুরোধে কোনোভাবেই সাড়া দেওয়া উচিত না। নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে ছাড় দিয়ে অন্যের নিরাপত্তার নিশ্চিত করাটা ঠিক হবে না। স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশই বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করবে।’
ঢাকায় নেই যুক্তরাষ্ট্র ও কানাডার কূটনীতিকদের পরিবারের সদস্যরা: গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর মার্কিন কূটনীতিকেরা তাঁদের পরিবারের সদস্যদের ঢাকা থেকে দেশে পাঠিয়ে দিয়েছেন। ওই হামলার পর ওয়াশিংটনের পক্ষ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্য ও পোষ্যদের ঢাকা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর মার্কিন কূটনীতিকেরা তাঁদের পরিবারের সদস্যদের এ মুহূর্তে বাংলাদেশে রাখছেন না।
সম্প্রতি ঢাকা সফরের সময় কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড ড্রেক বাংলাদেশের কর্মকর্তাদের জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কানাডার কূটনীতিকেরা তাঁদের পরিবারের সদস্যদের ঢাকা থেকে সরিয়ে নিয়েছেন। এ ছাড়া গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরনে কর্মরত কানাডার প্রায় ৫০ জন নাগরিককে আপাতত বাংলাদেশে আসতে নিষেধ করা হয়েছে।
মার্কিন অস্ত্র দেওয়া হবে বাংলাদেশকে: বাংলাদেশের সঙ্গে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ দমন বিশেষজ্ঞদের এক প্রতিনিধিদল ঢাকায় আসছে। এ সময় তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যকে বিশেষায়িত প্রশিক্ষণ দেবে। হাতেকলমে ওই প্রশিক্ষণের জন্য কিছু অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আসবে মার্কিন প্রতিনিধিদল। প্রশিক্ষণ শেষে বিশেষায়িত ওই সব অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য রেখে যাবে যুক্তরাষ্ট্র। ওই সময় যেসব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হবে, সেগুলোর কর ও ভ্যাটে ছাড় দিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে।