বুলেটের জখম নিয়ে ২৪ জন ঢাকা মেডিকেলে
সিরাজগঞ্জের মাসুমপুর মাদ্রাসার ছাত্র ১৩ বছরের রাশেদুল। ‘ঢাকায় আলেমদের বড় ওয়াজ হবে’—এ কথা বলে তাকে শাপলা চত্বরে নিয়ে আসেন হুজুরেরা। তার পায়ে গুলি লেগেছে, বুকের দুই পাশে জখম। জাকির হোসাইন ও জুবায়ের হোসাইন মাদ্রাসাছাত্র। এই দুই ভাইও এসেছিল হুজুরের ডাকে। এখন কেউ পাশে নেই। হাতে-পায়ে গুলির জখম নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে জাকির। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২৪ মাদ্রাসাশিক্ষক, ছাত্র ও পথচারীদের প্রায় সবাই বুলেটবিদ্ধ অথবা শরীরে ছররা গুলির জখম আছে।হাসপাতালের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, রোববার রাত আড়াইটা-তিনটা থেকে মঙ্গলবার পর্যন্ত ১৮৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। ২৪ জন তিনটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। ওয়ার্ডগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, এই আহতদের অনেকেই কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল ছেড়েছে। হাসপাতালের খাতায় তারা ‘পলাতক’। শুধু এক দিনেই পাঁচজনের ‘পালানোর’ খবর নিশ্চিত করেছে সূত্রটি।হাসপাতাল ঘুরে দেখা গেছে, আহতদের মধ্যে মাদ্রাসাশিক্ষকদের দেখাশোনা করছেন তাঁদের ‘সাথী ভাই’রা। ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রহমতউল্লাহ চাঁদপুরের কচুয়া মাদ্রাসার শিক্ষক। তাঁর পায়ে গুলি লেগেছে। রহমতউল্লাহর সেবা করতে হাটহাজারী থেকে এসেছেন দুজন মাদ্রাসাশিক্ষক, বাড্ডার নূরানী মাদ্রাসা থেকে এসেছেন মাহমুদুল হাসান ও ঢাকা জজকোর্ট এলাকার কাজী মিজানুর রহমান। হাটহাজারী থেকে আসা দুজন নাম প্রকাশ করতে চাননি। এই দলটিই ঘুরে ঘুরে মাদ্রাসার অন্যান্য শিক্ষককে পরিচর্যা করছেন। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবাদমাধ্যমগুলো পুলিশের অত্যাচার-নির্যাতনের খবর প্রকাশ করছে না। তারা শুধু আলেমদের সমালোচনা করছে।তবে আহত সাধারণ ছাত্রদের সেবা-শুশ্রূষার কেউ নেই। হাতে-পায়ে গুলি খেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে জাকির হোসাইন। তার ভাই ১৪ বছরের জুবায়ের হোসাইন প্রথম আলোকে বলেন, সমাবেশের আগে তাদের মাদ্রাসা ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। দুপুরবেলা পুলিশের তাড়া খেয়ে জুবায়ের প্রথমে কাকরাইল মসজিদে আশ্রয় নেয়। পরে টঙ্গীতে বোনের বাড়ি চলে যায়। ডামাডোলে ভাইয়ের খবর সে নিতে পারেনি। পরে জানতে পারে, জাকির গুলি খেয়েছে। হেফাজতে ইসলামের নেতা ও মাদ্রাসার শিক্ষকেরা কোথায় আছে জানতে চাইলে জুবায়ের বলে, ‘আমাদের জানানো হয়েছে, হুজুরদের পুলিশ বন্দী করেছে।’ রোববার ঢাকায় ও সোমবার নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে বুলেটবিদ্ধ হয়েছেন যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফজলুল হক ও ১৭ বছরের মো. হাবিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফজলুল হক জানান, পল্টনে কী হচ্ছে, তিনি তা দেখতে গিয়েছিলেন। তিনি সংঘর্ষের মাঝখানে পড়ে যান বলে দাবি করেন।