বুড়াবুড়িতে পুলিশ-জনতা সংঘর্ষে আহত অর্ধশত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামুর মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেন। গত বুধবার রাতের অবরোধের ফলে সড়কের উভয় দিকে কয়েক শ যানবাহন আটকা পড়ে। অবরোধ তুলে নিতে পুলিশ লাঠিপেটা করে এবং কয়েক শ গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে পুলিশসহ অর্ধশত আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বুড়াবুড়ি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি সার্কেল) রাত একটায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিদের কয়েকজনকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আবদুল গণি (২৫) নামের এক তরুণকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে অবরোধকারীদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়াবুড়ি ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান কামুর জামিনের দাবিতে ওই ইউনিয়নের সহস্রাধিক কর্মী-সমর্থক বুধবার বিকেল সাড়ে চারটা থেকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে। অবরোধকারীরা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে এবং মহাসড়কে গাছের গুঁড়ি ও পাথর ফেলে রাখে। রাত পৌনে নয়টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। রাত সাড়ে নয়টার দিকে অবরোধকারীদের হটাতে পুলিশ লাঠিপেটা শুরু করে। তারা অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব উল আলম এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান দাবি করেন, এ ঘটনায় পুলিশের কমপক্ষে ১০ সদস্য আহত হয়েছেন। এলাকাবাসী আগে পুলিশকে আক্রমণ করে।তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তারুল হক অভিযোগ করেন, পুলিশ রাত সাড়ে নয়টার দিকে অতর্কিতে অবরোধকারীদের ওপর হামলা চালায়। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে মারপিট করেছে। নারীদের ওপরও নির্যাতন করেছে তারা।