বুড়ি তিস্তা দখলমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়ি তিস্তা নদীতে আগে পানি ছিল। প্রচুর মাছ পাওয়া যেত। বড় বড় নৌকা চলত। এখন সেই নদী ভরাট করে নির্মাণ করা হচ্ছে বিপণিবিতান, ঘরবাড়ি। খনন করা হচ্ছে পুকুর। প্রশাসন কিছুই দেখে না। এসব কথা বললেন কুড়িগ্রামের উলিপুর উপজেলা শহরের বুড়ি তিস্তাপাড়ের বাসিন্দা এরশাদুল হক।

শুধু এরশাদুল নন, বুড়ি তিস্তা দখলের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। নদীটি দখলমুক্ত করে খননের দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকার মানুষ। এতে নেতৃত্ব দিচ্ছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি এবং উলিপুর প্রেসক্লাব। ইতিমধ্যে সব শ্রেণি-পেশার মানুষ দুটি কর্মসূচি পালন করেছেন। উপজেলা সদরে মানববন্ধন, বুড়ি তিস্তা নদীর প্রবেশমুখ পর্যন্ত সাত কিলোমিটার সাইকেল শোভাযাত্রা, নাটক ও সমাবেশ করা হয়েছে।

আন্দোলনের সংগঠক পরিমল মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, কাল মঙ্গলবার কলসিতে পানি ভরে নদীতে ফেলার কর্মসূচি পালন করা হবে। এরপরও প্রশাসনের টনক না নড়লে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উলিপুর উপজেলা শহরের প্রবেশমুখে নানা রঙের পোস্টার, ফেস্টুন ও ব্যানার দেখা যায়। স্লোগানে লেখা, ‘বুড়ি তিস্তা আমার মা, দখলদারদের থাকতে দেব না,’ ‘বুড়ি তিস্তা খনন করো, প্রাণীবৈচিত্র্য ফিরিয়ে আনো’।

পোস্ট অফিসের সামনে আবদুস সাত্তার নামের একজন রিকশাচালক প্রথম আলোকে বলেন, ‘তোমরা বোঝেন না বাঁহে, যাঁর ট্যাকা আছে, ক্ষমতা আছে, তারায় নদী দখল করছে। হামরা গরিব মানুষ এই নদীত মাছ মারি চলছিলাম। এ্যালা পানি নাই। মাছ নাই। উপায় না পায়া রিকশা চালাই।’

উলিপুর শহরের মাঝ দিয়ে বয়ে গেছে বুড়ি তিস্তা। নদীর ওপর সেতু। সেতুর দুই পাড়ে গড়ে উঠেছে বিপণিবিতান, কোচিং সেন্টার, মোটরসাইকেল গ্যারাজ, দোকান, মাদ্রাসা ও ঘরবাড়ি। রয়েছে একাধিক পুকুর। আখতারুজ্জামান অপু নামের একজন ঠিকাদার সেতুর উত্তর দিকে বিপণিবিতান নির্মাণ করেছেন। সেখানে দোকান রয়েছে ২৪টি। এর পেছনে আরও একটি নতুন বিপণিবিতান নির্মাণ করা হচ্ছে। নদীর মাঝে বড় বড় দুটি পুকুর খনন করা হচ্ছে। এ ছাড়া তাঁর মায়ের নামে নদীটির তীরে বিপণিবিতান লাগোয়া একটি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।

আখতারুজ্জামান বলেন, ‘মার্কেট (বিপণিবিতান) ও পুকুর আমার নিজস্ব জায়গায় করা হচ্ছে। যাঁরা দখলের কথা বলছেন, তাঁরা না বুঝে বলছেন।’

এদিকে নদীর উত্তর ও দক্ষিণ পাশে নদী ভরাট করে মোটরসাইকেলের দুটি গ্যারেজ করেছেন সাইফুল ইসলাম ও ছলেমান নামের দুই ব্যক্তি।

জানতে চাইলে ছলেমান বলেন, ‘জায়গা পড়ে ছিল। ভরাট করে গ্যারেজ করেছি।’

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকারের সঙ্গে কথা বলে জানা যায়, বুড়ি তিস্তা এ উপজেলার তেথরাই ইউনিয়নের অর্জুন এলাকা হয়ে পৌরসভার ভেতর দিয়ে চিলমারী উপজেলার কাঁচকোল হয়ে ব্রহ্মপুত্র নদে মিশেছে। এর দৈর্ঘ্য ৩০ কিলোমিটার। ১৮৯৮ সালে ভূমিকম্পে নদীটি প্রায় মরে যায়। তা ছাড়া ২০ বছর আগে অর্জুন গ্রামে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) একটি স্লুইসগেট নির্মাণ করে। ১৯৮৮ সালে সেটি ভেঙে গেলে পাউবো সেখানে স্থায়ী বাঁধ দিয়ে বুড়ি তিস্তার মুখ বন্ধ করে দেয়। এতে নদীতে পানি না থাকায় স্থানীয় মানুষ দখল করে ঘরবাড়ি নির্মাণ করে। দুই পাড়ের জমি ভরাট করে বিপণিবিতান, দোকান, ঘরবাড়ি তৈরি এবং মাঝখানে পুকুর খনন করা হয়েছে।

জানতে চাইলে উলিপুর উপজেলার ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মর্তুজা আল মঈদ বলেন, ‘বুড়ি তিস্তার জমি সরকারি কাগজে ব্যক্তিমালিকানায় দেখানো আছে। ব্যক্তিমালিকানার সেই জমিতে আমরা কী করতে পারি? তবে বিষয়টি নিয়ে পাউবো, ভূমি অফিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ শুরু করেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘উলিপুরবাসীর পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি। এরপর সহকারী কমিশনারকে (ভূমি) এসএ ও সিএ নকশা অনুযায়ী সীমানা চিহ্নিতকরণের নির্দেশ দিয়েছি। সীমানা নির্ধারিত হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাউবোর কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, ‘বুড়ি তিস্তার প্রবেশমুখ তেথরাই এলাকায় পাউবোর আট একর জমি আছে। এগুলো উদ্ধারের জন্য উলিপুর থানাকে লিখিতভাবে জানিয়েছি। স্লুইসগেট নির্মাণের ব্যাপারে আমি কিছু বলতে পারব না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’