বুড়ি তিস্তা নদী বাঁচাতে উলিপুরবাসী আন্দোলনে
ব্রহ্মপূত্র নদ ও তিস্তা নদীর সংযোগস্থল বুড়ি তিস্তা নদী বাঁচাতে আন্দোলনে নেমেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলাবাসী। গতকাল সোমবার বেলা ১১টায় ‘বুড়ি তিস্তা বাঁচাও, উলিপুর বাঁচাও’ স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন ও সমাবেশে অংশ নেয় বিপুলসংখ্যক মানুষ।
উলিপুর প্রেসক্লাব, রেল ও নৌ যোগাযোগ এবং পরিবেশ উন্নয়ন কমিটির যৌথ আহ্বানে উলিপুর শহরের প্রাণিসম্পদ কার্যালয় থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ও রিভারাইন পিপলসের সিনেটর এস এম আব্রাহাম লিংকন, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মিঞা, মেয়র তারিক আবু আলা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম প্রমুখ। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে যানজটে পুরো শহর অচল হয়ে পড়ে।
বুড়ি তিস্তা বাঁচাও উপলক্ষে ডাকা মানববন্ধনে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিলসহকারে মানববন্ধনে যোগ দেয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়, ‘দাবি মোদের একটাই, বুড়ি তিস্তায় পানি চাই’।
সমাবেশে বক্তারা বলেন, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের অর্জুন গ্রাম থেকে তিস্তা নদীর একটি শাখা উলিপুর পৌরসভার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে পূর্বে চিলমারী উপজেলার কাচকল হয়ে ব্রহ্মপূত্র নদের সঙ্গে মিলেছে। তিস্তা নদী থেকে বের হয়ে দীর্ঘ ৩০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া এই শাখা বুড়ি তিস্তা নামে পরিচিত। প্রায় ২০ বছর আগে অর্জুন গ্রামে ওয়াপদা বাঁধে অবস্থিত স্লুইসগেটটি ভেঙে গেলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) স্থায়ীভাবে বাঁধ দিয়ে বুড়ি তিস্তার সংযোগমুখ বন্ধ করে দেয়। এতে করে শুকনো মৌসুমে হাজার হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দখল হয়ে যাচ্ছে এই মরা নদীর দুই পারের জমি। ভূমিদস্যুদের হাত থেকে নদীপারের জমি উদ্ধার এবং নতুন করে স্লুইসগেটের মাধ্যমে আবারও পানি সরবরাহের আহ্বান জানান বক্তারা। এ সময় বক্তারা ৩১ মার্চের মধ্যে বুড়ি তিস্তা দখলমুক্ত করার দাবি জানান। না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তাঁরা।