বুড়ি তিস্তায় ডুবে যাওয়া পচা ধান নিয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উলিপুরে বুড়ি তিস্তা নদীতে ডুবে যাওয়া পচা ধানের বোঝা নিয়ে বিক্ষোভ-সমাবেশ করেন কৃষকেরা। গতকাল বেলা ১১টায় শহরের বড় মসজিদের সামনে থেকে ছবিটি তোলা l প্রথম আলো
উলিপুরে বুড়ি তিস্তা নদীতে ডুবে যাওয়া পচা ধানের বোঝা নিয়ে বিক্ষোভ-সমাবেশ করেন কৃষকেরা। গতকাল বেলা ১১টায় শহরের বড় মসজিদের সামনে থেকে ছবিটি তোলা l প্রথম আলো

উলিপুরে বুড়ি তিস্তা নদীতে ডুবে যাওয়া পচা ধানের বোঝা নিয়ে গতকাল রোববার বেলা ১১টায় বিক্ষোভ-সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। এ সময় তাঁরা সড়কে ধানগাছ বিছিয়ে প্রতিবাদ জানান।
উলিপুর প্রেসক্লাব, রেল, নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে এ বিক্ষোভ-সমাবেশ হয়। পচা ধানের বোঝা নিয়ে কৃষকেরা শহীদ মিনার চত্বর থেকে বেলা ১১টায় বের হওয়া মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ মোড়ে এসে অবস্থান নেয়। ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন, বিশিষ্ট সমাজসেবী সাজাদুর রহমান তালুকদার, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, সাংবাদিক পরিমল মজুমদার, তৈয়বুর রহমান, রেল, নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উপজেলা সভাপতি আপন আলমগীর, ছাত্রলীগনেতা নাজমুল হুদা, ছাত্রদলনেতা আবুল হাসনাত রাজীব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, স্থানীয় বাসিন্দা মোতলেবুর রহমান, নুর আমীন, মাসুম করিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে বুড়ি তিস্তা নদী দখলমুক্ত করে পানির স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনতে হবে। যত দিন বুড়ি তিস্তা দখলমুক্ত হবে না, তত দিন আন্দোলন চলবে। নদীর মুখে বাঁধ দেওয়ায় উলিপুরের থেতরাই থেকে চিলমারী উপজেলার কাচকোল পর্যন্ত ৪০ কিলোমিটার অংশ ভরাট হয়ে গেছে। প্রভাবশালীরা জমি দখল করে মার্কেট, পুকুর, দোকান, মাদ্রাসা ও কোচিং সেন্টার গড়ে তুলেছে।
পাতিলাপুর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক নুরুজ্জামান সরকার, নারিকেলবাড়ি চরপাড়ার জয়নাল আবেদিন ও আবদুল লতিফ, পূর্ব ছড়ারপাড়ের আকবর আলীসহ প্রায় শতাধিক কৃষক তাঁদের পচা ধান রাস্তায় ছিটিয়ে প্রতিবাদ জানান। তাঁরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, নদীর মুখে বাঁধ দেওয়ায় অতিবৃষ্টিতে ধান ডুবে গেছে। তাঁরা ধারদেনা করে আবাদ করেছেন। সেই ধান পানিতে ডুবে থেকে পচে গেল। এর ক্ষতিপূরণ কে দেবে তা জানতে চান এই কৃষকেরা। তাঁদের দাবি, নদীর মুখ খোলা থাকলে, ভরাট না করলে এই পানি চলে যেত। তাঁরা অবিলম্বে নদী দখলমুক্ত, বাঁধ অপসারণ করে নদীর গতি ফিরিয়ে আনার দাবি জানান।
উলিপুর প্রেসক্লাব, রেল, নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির নেতৃত্বে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান তিন মাস ধরে মানববন্ধন, শোভাযাত্রাসহ বিক্ষোভ মিছিল-সমাবেশ করে আসছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় বুড়ি তিস্তা নদীর কয়েক হাজার হেক্টর জমির বোরো ধানখেত তলিয়ে গিয়ে পচে যায়। এতে শত শত কৃষক সর্বস্বান্ত হয়ে পড়েছেন।