বুড়িগঙ্গা ও তুরাগে চলাচলের জন্য প্রস্তুত ওয়াটার বাস
দূর থেকে মনে হবে নদীতে বাস চলছে। ওপরের দিকটা বাসেরই আদলে তৈরি। নিচের অংশ স্পিডবোটের মতো। এর নাম ওয়াটার বাস। ‘এমভি বুড়িগঙ্গা’ ও ‘এমভি তুরাগ’ নামে ওই দুটি বাস শিগগির নামবে নদীতে।আগামী বৃহস্পতিবার সদরঘাট টার্মিনালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাছে দুটি ওয়াটার বাস হস্তান্তর করবে নির্মাণকারী কোম্পানি থ্রি অ্যাঙ্গেল কনসালট্যান্ট লিমিটেড। তারপর চলতি মাসেই সদরঘাট-আমিনবাজার রুটে বাস দুটি চালু হওয়ার কথা রয়েছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, ঢাকার যানজট কমাতে ‘ওয়াটার বাস’ চালুর সিদ্ধান্ত হয়েছে। জনপ্রিয়তা পেলে আরও কয়েকটি বাস নামানো হবে। তিনি বলেন, এই জলযান চলাচলে সুবিধা হবে, কারণ স্বচ্ছন্দে চলাচলের জন্য এই রুটে নদী খনন হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওয়াটার বাস দুটির দৈর্ঘ্য ৩৯ ফুট করে। প্রস্থ ১৫ ফুট আর উচ্চতা ১ দশমিক ৪ মিটার। প্রতিটি ৩৫ আসনের। শীতলক্ষ্যা নদীর পাড়ে বন্দর ডকইয়ার্ডে দুটি ওয়াটার বাসের গায়ে রঙের শেষ প্রলেপ দেওয়ার কাজ চলছে। দুজন প্রকৌশলী সার্বক্ষণিকভাবে উপস্থিত রয়েছেন। নির্মাণকারী কোম্পানি থ্রি অ্যাঙ্গেল কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইমলাম জানান, সবই দেশীয়, শুধু ডিজেলচালিত ইঞ্জিন আনা হয়েছে ইংল্যান্ড থকে। এ ধরনের একটি জলযান তৈরি করতে খরচ হতে পারত প্রায় দুই কোটি টাকা। কিন্তু দুটি নির্মাণে খরচ পড়েছে মাত্র এক কোটি সাড়ে ১১ লাখ টাকা।ওয়াটার বাসের প্রকল্প পরিচালক জিয়াউল ইসলাম বলেন, গত রোববার শীতলক্ষ্যায় বাস দুটির ক্ষমতা পরীক্ষা করা হয়েছে। এর গতি হয়েছে ১২ নটিক্যাল। আপাতত সদরঘাট থেকে আমিনবাজার এবং আমিনবাজার থেকে সদরঘাট সারা দিন চলবে বাস দুটি। উচ্চগতিসম্পন্ন বলে মাঝে বিরতি না দিলে সদরঘাট থেকে আমিনবাজার পৌঁছাতে মাত্র আধা ঘণ্টা সময় লাগবে।