বুড়িগঙ্গা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বুড়িগঙ্গা নদীর কালিগঞ্জ তেলঘাট এলাকা থেকে গতকাল সোমবার সকালে মনির হোসেন (২৭) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহত মনিরের স্ত্রী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, লাশটি গলা কাটা ছাড়াও এর বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত মনির হোসেন চুনকুটিয়া চান মিয়ার বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কোবারচর গ্রামে।নিহতের স্ত্রী মাকছুদা জানান, গত রোববার রাত ১০টার দিকে তাঁর স্বামী বাসা থেকে বের হন। রাতে তিনি বাসায় ফেরেননি। সকালে তাঁর মৃত্যুর সংবাদ পাই। তিনি আরও জানান, আগে তাঁর স্বামী রিকশা চালালেও বর্তমানে বেকার ছিলেন। তিনি মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন বলে তাঁর ধারণা।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।