বুড়িগঙ্গা দখলে জনপ্রতিনিধিরা জড়িত: মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার ট্যাংকিঘাট থেকে রায়েরবাজার পর্যন্ত আদি বুড়িগঙ্গা চ্যানেলের অবৈধ দখল উচ্ছেদ ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে গতকাল l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার ট্যাংকিঘাট থেকে রায়েরবাজার পর্যন্ত আদি বুড়িগঙ্গা চ্যানেলের অবৈধ দখল উচ্ছেদ ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে গতকাল l ছবি: প্রথম আলো

অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে বুড়িগঙ্গা আদি চ্যানেল (শাখা নদী) দখলের অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার ইসলামবাগের ‘ট্যাংকিঘাটে’ আদি বুড়িগঙ্গা চ্যানেলের অবৈধ দখল উচ্ছেদ ও বর্জ্য অপসারণ কার্যক্রম উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন মেয়র। ট্যাংকিঘাট থেকে রায়েরবাজারের শিকদার মেডিকেল পর্যন্ত এই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ডিএসসিসি, ঢাকা জেলা প্রশাসন, জাতীয় নদী রক্ষা কমিশন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান৷
সাঈদ খোকন বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, বুড়িগঙ্গার শাখা নদীর দখলদারদের তালিকায় অনেক জনপ্রতিনিধি জড়িত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বুড়িগঙ্গার শাখা নদী দখলমুক্ত করব। এই নদী হাতিরঝিলের আদলে গড়ে তোলা হবে। ইতিমধ্যে এই প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাউল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মোজাম্মেল হক, অতিরিক্ত ঢাকা জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল আলম প্রমুখ।