বুড়িগঙ্গা দখলে জনপ্রতিনিধিরা জড়িত : সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে বুড়িগঙ্গা আদি চ্যানেল (শাখা নদী) দখলের অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার পুরান ঢাকার ইসলামবাগের ট্যাংকিঘাটে ‘আদি বুড়িগঙ্গা চ্যানেলের অবৈধ দখল উচ্ছেদ ও বর্জ্য অপসারণ কার্যক্রম’ উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন মেয়র।

ট্যাংকিঘাট থেকে রায়েরবাজারের শিকদার মেডিকেল পর্যন্ত এ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ডিএসসিসি, ঢাকা জেলা প্রশাসন, জাতীয় নদী রক্ষা কমিশন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

সাঈদ খোকন বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, বুড়িগঙ্গার শাখা নদীর দখলদারদের তালিকায় অনেক জনপ্রতিনিধি জড়িত রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতে যেকোনো মূল্যে বুড়িগঙ্গার শাখা নদী দখলমুক্ত করব। এই নদী হাতিরঝিলের আদলে গড়ে তোলা হবে। ইতিমধ্যে এই প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

সাঈদ খোকন আরও বলেন, বুড়িগঙ্গা থেকে খুবই কাছের এলাকায় তাঁর জন্ম হয়েছে। এ এলাকায়ই তাঁর শৈশব-কৈশোর কেটেছে। স্কুল থেকে বার্ষিক নৌভ্রমণ হতো বুড়িগঙ্গায়। কিছুক্ষণ পরপর নদীতে শুশুক দেখা যেত। এ দৃশ্য আজ শুধু কল্পনা। এখন বুড়িগঙ্গা পাড়ের বাসিন্দারা দূষণের কারণে নানাবিধ রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া দূরদূরান্ত থেকে ঢাকায় আসা যাত্রীবাহী লঞ্চ বুড়িগঙ্গায় প্রবেশ করতে দুর্গন্ধে যাত্রীদের ঘুম ভেঙে যায়।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, মসজিদ, মন্দির, স্কুল-কলেজের সাইনবোর্ড লাগিয়ে বুড়িগঙ্গার শাখা নদীর দুইপাড় দখল করা হয়েছে। দখলের প্রকৃতি যা–ই হোক এবং দখলদার যে–ই হোন না কেন, শাখা নদীটি দখলমুক্ত করা হবে। প্রয়োজনে দখলদারকে জেল-জরিমানাও করা হবে। পর্যায়ক্রমে ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত করা হবে।

সমাবেশে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাউল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মোজাম্মেল হক, অতিরিক্ত ঢাকা জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।