বুড়িগঙ্গা দূষণমুক্তের দাবিতে নৌকাবাইচ

বুড়িগঙ্গায় নৌকাবাইচ দেখতে গতকাল শনিবার কেরানীগঞ্জের হাসনাবাদ, মিরেরবাগ ও দোলেশ্বর; পোস্তগোলা, আলীনগর, শ্যামপুর এলাকাসহ দূরদূরান্ত থেকে অর্ধলক্ষাধিক মানুষ জড়ো হয় বুড়িগঙ্গা নদীর পাড়ে। বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ওপরে ছিল কয়েক হাজার নারী-পুরুষ, শিশুসহ নানান বয়সের মানুষের সমাবেশ। এ ছাড়া অনেকে বাইচ দেখতে বুড়িগঙ্গায় ছোট-বড় ট্রলার, ইঞ্জিন নৌকায় উঠে পড়েন।
বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে ‘চুং-হুয়া ৪০তম জাতীয় নৌকাবাইচ ২০১৬’ শুরু হয় দুপুরে। পাগলা ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা এলাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুসংলগ্ন আর ই ব্যাটালিয়ন জেটির সামনে বাইচ শেষ হয়। নৌকাবাইচ উপভোগ করতে আসা লোকজন বুড়িগঙ্গা দূষণমুক্ত রাখার দাবি জানান।
এবারের জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতায় ৭ মাঝির পুরুষ, ৭ মাঝির নারী, ২৫ মাঝির কোষা নৌকা, ৫০ মাঝির সারেঙ্গী নৌকা, ৫০ মাঝির বাচারী নৌকাসহ অর্ধশতাধিক নৌকা অংশ নেয়। নৌকাবাইচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথি ছিলেন চুং-হুয়া অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এ কে এম আফজানুল মুনীর।
আরিফ খান জয় বলেন, ‘বুড়িগঙ্গা নদীর দুই পারের অর্ধলক্ষাধিক মানুষ এই নৌকাবাইচ উপভোগ করেছে। বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে। বুড়িগঙ্গাকে আমরা রঙিন রাখতে চাই।’
নৌকাবাইচ দেখতে আসা দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার বাসিন্দা আবদুল আজিজ বলেন, ‘কয়েক বছর ধরে বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখতে আসি। বুড়িগঙ্গাকে বাঁচালে দেশের ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে পাব। কিন্তু বুড়িগঙ্গাকে রক্ষা করতে না পারলে এই ঐতিহ্য হারিয়ে যাবে। বুড়িগঙ্গাকে রক্ষা করা দরকার।’
বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কায়ছারের সভাপতিত্বে নৌকাবাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ রুহুল আমিন, ফেডারেশনের সহসভাপতি মুনিরুল আলম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
নৌকাবাইচ প্রতিযোগিতায় ৭ মাঝির নারী দলে প্রথম হয় আনসার-ভিডিপির মালেকার দল, দ্বিতীয় আনসার-ভিডিপির রায়হান ফকিরের দল, তৃতীয় আলীনগর রোইং ক্লাবের আজমেরী দল। পুরুষ ৭ মাঝির দলে প্রথম বাংলাদেশ ভিডিপি দল, দ্বিতীয় নড়াইল ক্রীড়া সংস্থা, তৃতীয় আলীনগর রোইং ক্লাব। কোষা ২৫ মাঝির দলে প্রথম রূপগঞ্জের মফিজুল ইসলামের দল, দ্বিতীয় মুন্সিগঞ্জের শ্রীনগরের আনজার আলীর দল, তৃতীয় মুন্সিগঞ্জের মিনহাজের দল। সারেঙ্গী ৫০ মাঝি নৌকায় প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মুক্তার ভূঁইয়ার দল, দ্বিতীয় ব্রাহ্মণবাড়িয়ার ওসমান উল্লাহর দল, তৃতীয় ব্রাহ্মণবাড়িয়ার ফুল ইসলামের দল। বাচারী ৫০ মাঝি নৌকায় প্রথম হয় গোপালগঞ্জের বিমল বাঈনের দল, দ্বিতীয় মাদারীপুরের সুখ দেবের দল এবং তৃতীয় হয় গোপালগঞ্জের মিহির মজুমদারের দল।