বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু টোলমুক্ত, আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু টোলমুক্ত ঘোষণা করেছে সরকার। গতকাল মঙ্গলবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ ঘটনায় পরিবহন শ্রমিক ও যাত্রীসহ সাধারণ মানুষ আনন্দ মিছিল করেছেন।
গত ১২ অক্টোবর কেরানীগঞ্জে সড়ক পরিদর্শনে এসে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ১ ডিসেম্বর থেকে সেতুটিকে টোলমুক্ত করে দেওয়া হবে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল থেকে সব ধরনের যানবাহনের জন্য সেতুটিকে টোলমুক্ত করা হয়। সেতু থেকে টোলপ্লাজাও অপসারণ করা হয়।
কদমতলী এলাকার ট্রাকচালক বেলাল হোসেন জানান, কেরানীগঞ্জ থেকে প্রতিদিন রাজধানীতে আসা-যাওয়ার পথে চার-পাঁচ শ টাকা টোল দিতে হতো। আজ থেকে আর টোল দিতে হবে না। এতে যানবাহন চালকেরা উপকৃত হবেন।
চুনকুটিয়া এলাকার অটোরিকশাচালক শরিফ হোসেন জানান, ‘প্রতিবার সেতুর ওপর দিয়ে আসা-যাওয়ার পথে ২০ টাকা টোল দিতে হতো। এতে করে প্রতিদিন আমাদের প্রায় ৫০০ টাকা খরচ হতো। আজ থেকে টোলমুক্ত হওয়ায় প্রতি যাত্রীর কাছ থেকে ১০ টাকার পরিবর্তে আট টাকা করে ভাড়া নিচ্ছি।’
জিনজিরা এলাকার বাসিন্দা ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম আহমেদ জানান, বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু টোলমুক্ত হওয়ায় কেরানীগঞ্জসহ দক্ষিণাঞ্চলের মানুষ লাভবান হয়েছে।
টোলের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের কর্মকর্তা মোহামঞ্চদ সৈয়দ জানান, ‘সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্দেশে টোল নেওয়া বন্ধ করা হয়েছে। গত বছর সওজ থেকে ১১ কোটি ২৬ লাখ টাকায় ২০১৩-১৪ অর্থবছরের জন্য ইজারা নেওয়া হয়। আগামী বছরের জুন পর্যন্ত আমাদের ইজারার মেয়াদ ছিল। কিন্তু হঠাৎ করে সেতুকে টোলমুক্ত ঘোষণা করায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’
সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হায়দার সাংবাদিকদের জানান, সেতুর টোল বন্ধে যোগাযোগ মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর গতকাল থেকে কার্যকর করা হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকায় প্রবেশ পথের কয়েকটি সেতু টোলমুক্ত করা হয়েছে। এরই অংশ হিসেবে এই সেতুটিকেও টোলমুক্ত করেছে সরকার।
২০০১ সালে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে প্রায় প্রতিদিনই সেতুর টোল ইজারাদারদের বাগিবতণ্ডা ও ঝগড়াঝাটি লেগেই থাকত। এ নিয়ে সংঘর্ষও হয়েছে।