বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে তীব্র যানজট, দুর্ভোগ
বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। সেতুর দুই প্রান্তে ও মাঝে দীর্ঘক্ষণ বাস রেখে যাত্রী ওঠানো-নামানোর কাজ করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এ কারণে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিলেও তা কাজে আসছে না।
গতকাল রোববার বেলা দুইটার দিকে সরেজমিনে দেখা যায়, কেরানীগঞ্জের আগানগর বাজার এলাকায় সেতুর সংযোগ সিঁড়ির কাছ থেকে নয়াবাজার প্রান্ত পর্যন্ত যানবাহন থেমে থেমে চলছে। সেতুর বাবুবাজার প্রান্তে ১৫-২০টি কোম্পানির বাস রাস্তা বন্ধ করে মাওয়া ঘাটের যাত্রী বোঝাই করছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
কেরানীগঞ্জ থেকে আসা দিশারী পরিবহনের যাত্রী ইমরান হোসেন বলেন, সেতুতে ট্রাফিক পুলিশ আছে, কিন্তু লাভ নেই। বাবুবাজার সিঁড়ির কাছে সেতুতে বাস রেখে যাত্রী ওঠানো-নামানোর কাজ করা হয়। এখানে সব সময় যানজট লেগেই থাকে।
মাওয়া থেকে আসা ডিএম পরিবহনের যাত্রী সুরুজ মিয়া বলেন, মাওয়া থেকে ৫০ মিনিটে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর কাছে আসা যায়। আর সেতু পার হতে সময় লাগার কথা তিন মিনিট। কিন্তু যানজটের কারণে কেরানীগঞ্জের কদমতলী থেকে নয়াবাজারে আসতে প্রায় ৯০ মিনিট লেগে গেছে।
গুলিস্তান থেকে নবাবগঞ্জগামী যমুনা পরিবহনের যাত্রী ফিরোজ আলম বলেন, ‘আমরা নবাবগঞ্জ যাব। সকাল সাড়ে নয়টার দিকে গুলিস্তান থেকে বাস ছেড়েছে। ৯টা ৫০ মিনিটে বাবুবাজার সেতুর কাছে আসি। সেতুতে অবৈধভাবে যাত্রী ওঠানো-নামানোর কাজ করার কারণে আধা ঘণ্টা বাবুবাজার সিঁড়ির কাছে বসে আছি। পরিবহনের লোকজন আইন ভঙ্গ করে বাসস্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানো-নামানোর কাজ করছে।’
দোহার থেকে আসা নগর পরিবহনের যাত্রী আমির উদ্দিন মিয়া বলেন, ‘কেরানীগঞ্জের আগানগর সিঁড়ির কাছে আমাদের বাসটি আধা ঘণ্টা যানজটে আটকে থাকে। বাধ্য হয়ে মালামাল নিয়ে হেঁটে সেতু পার হচ্ছি।’
সেতুর মধ্যভাগের একটি টংঘরে কর্মরত বিআরটিএর কর্মচারী মো. মামুন বলেন, ‘নিরাপত্তার জন্য সেতুতে আমরা তিনজন পর্যায়ক্রমে ডিউটি (দায়িত্ব পালন) করি। বাবুবাজার এলাকায় সিঁড়ির কাছে সেতুতে বাস থামিয়ে যাত্রী নিয়ে যায় পরিবহনগুলো। নিষেধ করলেও পরিবহনের লোকজন শোনে না।’
ডিএমপি কোতোয়ালি জোনের ট্রাফিক পরিদর্শক (টিআই) আবদুর রহিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘সারা সপ্তাহ সেতুতে যানজট থাকে না। রোববার সপ্তাহের প্রথম দিন অনেক সময় যানজট লেগে যায়। আজ (গতকাল) আমিসহ একাধিক ট্রাফিক পুলিশ সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সেতুতে যানজট নিরসনের দায়িত্বে ছিলাম। যানবাহন যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, সে জন্য পরিবহনের চালকদের অনুরোধ করা হয়। কিন্তু সেতুতে যাত্রী ওঠানো-নামানো বন্ধ করতে পারিনি। তারা (পরিবহনশ্রমিক) যদি আন্তরিক না হয়, তবে সেতুতে যানজট নিরসন সম্ভব নয়।’