বুড়িগঙ্গা নদী থেকে কিশোর-কিশোরীর লাশ উদ্ধার
বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা দুই কিশোর-কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটির সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর সাইনবোর্ড ঘাট এলাকা থেকে অজ্ঞাতনামা এক কিশোরীর (১৮) লাশ উদ্ধার করে। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ইলিয়াস মিয়া বলেন, ‘কামরাঙ্গীরচর সাইনবোর্ড ঘাট এলাকার সামনে অজ্ঞাতনামা কিশোরীর লাশ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আমরা লাশটি উদ্ধার করি। লাশের পরনে ছিল নীল রঙের কামিজ ও সাদা রঙের সালোয়ার। গলায় তোয়ালে প্যাঁচানো ছিল। মৃতের শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছিল। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
এ ছাড়া বেলা দুইটার দিকে বুড়িগঙ্গা প্রথম সেতুসংলগ্ন পোস্তগোলা এলাকায় বুড়িগঙ্গা নদীর কচুরিপানার ভেতর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক কিশোরের (১৬) লাশ উদ্ধার করেছে হাসনাবাদ নৌপুলিশ।