বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে গতকাল সোমবার বাংলালিংক ৩৫তম জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সাতটি ইভেন্টে ৭০টি দলের প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহ্সান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সানজিদা খানম ও বাংলালিংকের সিনিয়র ডিরেক্টর (মার্কেটিং) শিহাব আহামেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন রোইং ফেডারেশনের সহসভাপতি মো. খোরশেদ আলম, মোস্তাক আহম্মদ, বাহাউদ্দিন আহম্মদ, সালেহ আহমদ, আবদুল আউয়াল প্রমুখ। উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি সাংসদ মিজানুর রহমান খান। নৌকাবাইচ প্রতিযোগিতা পাগলার মেরি অ্যান্ডারসন ঘাট থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচে এসে শেষ হয়। প্রতিযোগিতা দেখতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ, দোলেশ্বর, আইন্তা, মীরেরবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মুন্সিখোলা ও পাগলা এলাকায় নদীর উভয় তীরে এবং বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ওপর হাজার হাজার নারী-পুরুষ জড়ো হয়। প্রতিযোগিতায় সাত মাঝি মহিলা দলে প্রথম হয়েছে আনসার, দ্বিতীয় ভিডিপি ও তৃতীয় ঢাকা জুরাইন জনতা ক্লাব। সাত মাঝি পুরুষ দলে প্রথম হয়েছে খুলনা জেলা, দ্বিতীয় ঢাকা রোইং ক্লাব ও তৃতীয় শুভাঢ্যা মুক্তিযোদ্ধা সংসদ। ২৫ মাঝি কোষা নৌকা দলে প্রথম হয়েছে মুন্সিগঞ্জ জেলা ‘লস্কর একতা’, দ্বিতীয় মুন্সিগঞ্জ জেলা ‘বুলেট-১’ ও তৃতীয় খুলনা জেলা ‘মেঘদূত’। ৫০ মাঝি কোষা নৌকা দলে প্রথম হয়েছে মুন্সিগঞ্জ জেলা ‘তুফান’, দ্বিতীয় মুন্সিগঞ্জ জেলা ‘সেলামতি এক্সপ্রেস’ ও তৃতীয় মুন্সিগঞ্জ জেলা ‘মত্তগ্রাম এক্সপ্রেস-২’। ৫০ মাঝির ঊর্ধ্বে সারেঙ্গী নৌকা দলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। ৫০ মাঝির ঊর্ধ্বে ছিপ নৌকা দলে প্রথম হয়েছে খুলনার কয়রা, দ্বিতীয় ও তৃতীয় মাগুরা জেলা। তাদের হাতে পুরস্কার তুলে দেন মো. জাহিদ আহ্সান রাসেল। জাহিদ আহ্সান তাঁর বক্তব্যে বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা গ্রামবাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ। বাংলালিংকের পিআর অ্যান্ড কমিউনিকেশন মার্কেটিংয়ের প্রধান সারফুদ্দিন আহম্মেদ চৌধুরী বলেন, নৌকাবাইচে যুক্ত হতে পেরে বাংলালিংক আনন্দিত ও গর্বিত। দেশের হারানো গৌরব নৌকাবাইচকে গ্রামবাংলায় ফিরিয়ে আনতে তাঁদের এ চেষ্টা অব্যাহত থাকবে।