বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা বন্ধে হাইকোর্টের তিন দফা নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গায় বর্জ্য ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তিন দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই নির্দেশনা দিয়ে রায় দেন।পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআইডব্লিউটিএর পরিচালক (পোর্ট অ্যান্ড ট্রাফিক) এবং লালবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, ডেমরা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এর অগ্রগতি প্রতিবেদন প্রতি মাসে দাখিল করতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।আদালত বলেছেন, এ ব্যাপারে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুড়িগঙ্গার পানি এমন অবস্থায় পৌঁছেছে যে একে এখন আর পানি বলা যায় না। এই পানি দূষিত হয়েছে বিষাক্ত বর্জ্যের ফলে। এতে শুধু রাজধানী ঢাকার নয়, গণমানুষের স্বাস্থ্য মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন। আশু ব্যবস্থা না নিলে আরও ক্ষতি হয়ে যাবে। বুড়িগঙ্গার পানি দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একজন আইনজীবী গত বছর হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে একই বছরের ৪ মে আদালত রুল জারি করেন এবং অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন। আর গতকাল রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল মঞ্জুর করে রায় দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। ঢাকা সিটি করপোরেশনের পক্ষে ছিলেন তোফায়েলুর রহমান।রায় ও নির্দেশনা: বুড়িগঙ্গায় সংযুক্ত সব পয়ঃপ্রণালির লাইন (সুয়ারেজ) ও শিল্পকারখানার বর্জ্য নিঃসরণের লাইন এক বছরের মধ্যে বন্ধ করতে ওয়াসার চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে আদালত বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পরিবেশ রক্ষার দায়িত্ব কারোরই নয়। এই প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন থেকে বিরত থাকছে বলেই আজ এ অবস্থা। জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানটি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছে না। অথচ প্রতিষ্ঠানটির দায়িত্ব হচ্ছে নদী দূষণমুক্ত রাখা ও ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করা।’ আদালত বলেন, ‘এ অবস্থা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। অর্পিত দায়িত্ব তারা কতটুকু পালন করেছে, তা সবার কাছে প্রশ্ন। এমনকি গত কয়েক দিনে পত্রিকায় প্রকাশিত ছবিতে বুড়িগঙ্গার অসহায়ত্ব প্রকাশ পেয়েছে।’ আদালতের আরেক নির্দেশনায় প্রতি মাসে নদীতে বর্জ্য ফেলা রোধে নদীর দুই পারে সচেতনতামূলক অনুষ্ঠান করতে ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশেষ দলের মাধ্যমে নদীতীরের বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, নদীতীরে সিটি করপোরেশনের কোনো ভ্যান বা গাড়ি ময়লা ফেলতে পারবে না। একই সঙ্গে নদী-তীরবর্তী এলাকায় সাইনবোর্ড ও প্ল্যাকার্ড স্থাপন করতে হবে, যাতে আদালতের রায় সম্পর্কে জনগণ জানতে পারে।