বুড়িগঙ্গা নদীর উদ্ধার করা জায়গায় বিনোদনকেন্দ্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর দখলমুক্ত দেড় একর জায়গায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিনোদনকেন্দ্র নির্মাণ করছে। কামরাঙ্গীরচরের টাওয়ার মোড় এলাকায় নদীর দুই তীরের মধ্যবর্তী ওই জায়গা নদী বাঁচাতে উদ্ধার করা হয়েছিল। এখন ওই জায়গা খনন করে নদীর গতিপ্রবাহে সহায়তা না করে বরং বিপরীত কাজটিই করা হচ্ছে। রাজধানীর চারদিকে ৫৯০ বর্গমাইলের মধ্যে কোনো স্থাপনা নির্মাণের আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে এর নকশার অনুমোদন নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু ওই বিনোদনকেন্দ্রের স্থাপনার নকশার ব্যাপারে তা নেওয়া হয়নি বলে রাজউকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।রাজধানীর চারপাশের চারটি নদীতে জেলা প্রশাসন যে চার হাজার স্থাপনার তালিকা করেছে, সেখানে এই স্থাপনার নাম নেই। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মজিবুল হক বলেন, এই স্থাপনার বিষয়ে তাঁকে জানানো হয়নি। তবে স্থাপনা যদি বেআইনি হয়, তাহলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।বিআইডব্লিউটিএ সূত্র জানায়, নদীতীর থেকে দূরে কয়েক বছর আগে পানি কমে চরের মতো ওই জায়গার সৃষ্টি হয়। সোয়ারিঘাট এলাকার কামালবাগের বাসিন্দা হাফেজ কামাল ওই জায়গা ভরাট করে ১৫০টি ঘর বানিয়ে ভাড়া দিয়েছিলেন। ওই স্থানে যাতায়াতের জন্য তাঁর একাধিক খেয়া নৌকাও ছিল। ২০০৭ সালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসন কামালের দখল থেকে জায়গাটি উদ্ধার করে।গত বুধবার সরেজমিনে দেখা যায়, বিনোদনকেন্দ্রের অংশ হিসেবে একটি দোতলা বিশ্রামাগার তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। একপাশে একটি বড় সীমানাপ্রাচীরও তৈরি হচ্ছে। সেখানে উপস্থিত বিআইডব্লিউটিএর কর্মচারীরা বলেন, বিশ্রামাগারের প্রথম তলাটি আগেই তৈরি হয়েছে, বিভিন্ন রুট থেকে আসা লঞ্চের শ্রমিকেরা মাঝেমধ্যে এখানে এসে গোসল করে বিশ্রাম নেন। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, দোতলার কাজ শুরু হয় পরে। প্রতিতলা এক হাজার বর্গফুট আয়তনের। এই নির্মাণকাজে এখন পর্যন্ত ৩৫ লাখ টাকা খরচ হয়েছে। এর আগে ভূমির উন্নয়নে খরচ করা হয় আট লাখ টাকা। পুরো বিনোদনকেন্দ্রের জন্য খরচ করা হবে এক কোটি টাকা।ওই জায়গায় তিনটি টিনের ঘর রয়েছে। ঘরগুলোতে বিআইডব্লিউটিএর কর্মচারী ও মিস্ত্রিরা থাকেন। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, সদরঘাটে যেসব লঞ্চ ভেড়ে, সেগুলোর কিছু কিছু ভবিষ্যতে এই বিনোদনকেন্দ্রের চারপাশেও ভিড়বে। প্রকল্পের পরিচালক বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বুড়িগঙ্গায় নদীর সঙ্গে সংযুক্ত জুতসই জায়গা না পাওয়ায় এখানেই বিনোদনকেন্দ্র করতে হচ্ছে।’নদীর জায়গা নদীর কাজে না লাগিয়ে ‘বিনোদনকেন্দ্র’ নির্মাণ করা হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মাহবুবুল আলম বলেন, এখানে বিনোদনকেন্দ্র করা এবং অপেক্ষমাণ লঞ্চ ভেড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে। পরে আর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি। এর বেশি আর মন্তব্য করতে তিনি রাজি হননি।