বুড়িগঙ্গা নদীর ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর উদ্যোগে সোয়ারীঘাটের বুড়িগঙ্গা নদীর তীরে গড়া ওঠা ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে চারটি পাকা ভবন, ১৭টি টিনশেড টংঘর রয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেনের নেতৃত্বে চকবাজার থানাধীন সোয়ারীঘাট এলাকার মৎস্য আড়তসংলগ্ন সাতটি টিনশেডের টংঘর উচ্ছেদের মাধ্যমে অভিযান শুরু হয়। এরপর উচ্ছেদকারী দল মেসার্স কে আলী এন্টারপ্রাইজের দখলে থাকা আধাপাকা টিনশেড ঘর উচ্ছেদ করতে গেলে এর মালিক মো. কোরবান আলী হাইকোর্টের স্থগিতাদেশ দেখান। ফলে সেটা উচ্ছেদ করা সম্ভব হয়নি। এ ছাড়া ২১/এ ইমামগঞ্জ পানঘাট এলাকায় নুরুন্নাহার বেগমের দখল করা সাতটি পাকা দোকান, রাজু মিয়ার বসতবাড়ির দ্বিতীয় তলার বর্ধিতাংশ দুটি পাকা স্থাপনা, ছোট কাটরা মেজবাউদ্দিন গংয়ের পাঁচটি পাকা দোকান উচ্ছেদ করা হয়। ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন জানান, বুড়িগঙ্গা চকবাজার থানা সীমানায় যেটুকু নদীর তীর রয়েছে, তাতে দুই শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে শতাধিক উচ্ছেদ করা হয়েছে।