বুড়িগঙ্গা প্রথম সেতুতে আজও অবরোধ

টোলমুক্ত করার দাবিতে বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতুতে আজ রোববারও দ্বিতীয় দিনের মতো অবরোধ চলছে। এতে রাজধানী ঢাকা থেকে খুলনা, বরিশাল, কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই অবরোধ। সেতুতে চলাচলকারী বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহনের চালক, শ্রমিক ও মালিকেরা গতকাল সকাল আটটা থেকে সেতুটির ওপর অবস্থান নেন। সেতু টোলমুক্ত না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন তাঁরা।

ঢাকা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. ওসমান গনি বলেন, ‘বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতু টোলমুক্ত না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।’ তিনি বলেন, বুড়িগঙ্গা প্রথম সেতু করা হয়েছে ১৯৮৮ সালে। দ্বিতীয় সেতু হয়েছে ১৯৯৬ সালে। দুই বছর আগে দ্বিতীয় সেতুটি টোলমুক্ত করা হলেও প্রথম সেতুর টোল দিনদিন আরও বাড়ানো হচ্ছে।
সেতু অবরোধের কারণে মাওয়া রোডে কেরানীগঞ্জের সংযোগ সড়ক এলাকা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়ে কেউ পায়ে হেঁটে, কেউ রিকশায় করে আবার কেউ ভ্যানগাড়িতে করে সেতু পার হচ্ছেন।

বিল্লাল হোসেন নামের মুন্সিগঞ্জের নিমতলীর এক যাত্রীর ভাষ্য, ঢাকা-মাওয়া সংযোগ সড়কে ঝিলমিলের কাছে অবরোধকারীরা বাস যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। তাই ভ্যানগাড়ি দিয়ে তিনি যাত্রাবাড়ী যাওয়ার চেষ্টা করছেন।

অবরোধকারী একজন ট্রাক চালক পোস্তগোলার আবদুল হাই বলেন, ‘২৫ জুলাই এই সেতুতে টোল কম নেওয়ার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল। কিন্তু এখন আমাদের দাবি, টোলমুক্ত সেতু।’
সড়ক ও জনপথ বিভাগ মুন্সিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু হেনা তারেক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
আরও জানতে পড়ুন
টোল বাড়ানোর প্রতিবাদে বুড়িগঙ্গা সেতু অবরোধ