বুড়িগঙ্গা প্রথম সেতুতে আবার অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোলমুক্ত করার দাবিতে আজ শনিবার বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতু আবার অবরোধ করা হয়েছে। এতে রাজধানী ঢাকা থেকে খুলনা, বরিশাল, কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
সেতুতে চলাচলকারী বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহনের চালক, শ্রমিক ও মালিকেরা সকাল আটটা থেকে সেতুটির ওপর অবস্থান নিয়েছেন। সেতু টোলমুক্ত না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন তাঁরা।
ঢাকা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. ওসমান গনি বলেন, বুড়িগঙ্গা প্রথম সেতু করা হয়েছে ১৯৮৮ সালে। দ্বিতীয় সেতু হয়েছে ১৯৯৬ সালে। দুই বছর আগে দ্বিতীয় সেতুটি টোলমুক্ত করা হলেও প্রথম সেতুর টোল দিনদিন আরও বাড়ানো হচ্ছে।
অবরোধের কারণে সেতুর উত্তর পাড়ে রাজধানীর পোস্তগোলা এলাকা ও দক্ষিণ পাড় কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেহানা বেগম নামে কাঁচপুরের এক যাত্রীর ভাষ্য, মাওয়া থেকে আসার সময় ঢাকা-মাওয়া সংযোগ সড়ক ঝিলমিলের কাছে তাঁকে অবরোধকারীরা নামিয়ে দেন। এখন ভ্যানগাড়ি দিয়ে তিনি পোস্তগোলা যাচ্ছেন। যাওয়ার পথে কয়েকবার সেতুতে বাধা দেওয়া হয়েছে।
কেরানীগঞ্জ থানার (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের ভাষ্য, চালক, মালিক সমিতি ও সড়ক ও জনপথের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।
সড়ক ও জনপথ বিভাগ মুন্সিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু হেনা তারেক বলেন, টোল বাড়া ইস্যুকে কেন্দ্র করে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে টোল আদায় করা হচ্ছে। বাড়তি কোনো টোল আদায় করা হচ্ছে না।

আরও জানতে পড়ুন