বুড়িগঙ্গা বাঁচাও ট্যানারি হটাও
‘আমরা উন্নয়ন চাই, উন্নত পরিবেশ চাই। তবে সব প্রকল্প জনবান্ধব, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যবান্ধব হতে হবে। সাধারণ মানুষের জীবনমানকে ক্ষতিগ্রস্ত না করে তা নিশ্চিত করতে হবে।’
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি সুলতানা কামাল। ‘বুড়িগঙ্গা নদী দূষণ ও ট্যানারি শিল্প স্থানান্তর: আমাদের করণীয়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে বাপা ও বুড়িগঙ্গা রিভারকিপার। সুলতানা কামাল বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলো আজ মারাত্মক বিপর্যয়ের শিকার। এই নদীগুলো রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন হতে হবে।
লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ট্যানারি শিল্পের কারণে বুড়িগঙ্গা নদী আজ মারাত্মকভাবে দূষিত হয়েছে। কিন্তু সরকার ও মালিকপক্ষের গাফিলতির কারণেই হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর বাধাগ্রস্ত হচ্ছে। এই দুই পক্ষের দায়িত্বশীলতার মাধ্যমে নদী ও ট্যানারি শিল্পকে বাঁচিয়ে রেখে একটি কার্যকর সমাধানের পথ বের করতে হবে।
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ঢাকা শহরের চারপাশ ঘিরে রয়েছে চারটি মিঠা পানির নদী। অথচ আজ এই নদীগুলো দখল ও দূষণের কবলে প্রায় মৃত। এই দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে নদী দখলকারীদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচারের আওতায় আনতে হবে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, বুড়িগঙ্গা দূষিত হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা ওয়াসা। বর্তমানে এই নদীর পানি শোধনের অনুপযোগী হয়ে গেছে। এখন পদ্মা-মেঘনা নদী থেকে পানি আনতে হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যে বুড়িগঙ্গা আগে ঢাকা শহরের পানির চাহিদা মেটাত, ট্যানারির দূষণে সেই নদী আজ মৃতপ্রায়। ট্যানারির শ্রমিকেরাও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাঁদের জীবনমানের কোনো উন্নয়ন হয়নি। অথচ ট্যানারি বর্তমানে তৃতীয় সর্বোচ্চ আয়কারী শিল্প।
বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, ট্যানারির কারণে বুড়িগঙ্গার মতো সাভারের নদীগুলো যেন দূষিত না হয়, তা গুরুত্ব দিয়ে দেখতে হবে। পাশাপাশি বিজ্ঞানসম্মতভাবে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া করতে হবে।
কামরাঙ্গীরচরের বাসিন্দা উম্মে সালমা বলেন, বর্তমানে বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে সন্তানকে নিয়ে হাঁটা যায় না৷ কামরাঙ্গীরচরের শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি নিয়ে বেড়ে উঠছে।
বিসিক ট্যানারি শিল্প নগরীর প্রকল্প পরিচালক আবদুল কাইয়ুম বলেন, সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী নির্মাণাধীন সিইটিপির দুটি মডিউলের নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে গেলেই বাকি ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।
হাজারীবাগ ট্যানারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, সাভারে স্থানান্তরিত জায়গায় এই ট্যানারি শিল্পের সঙ্গে সম্পৃক্ত ৩০ হাজার শ্রমিকের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। তাঁদের বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসেবার বিষয়টি একেবারেই অবহেলিত রয়েছে। শ্রমিকদের এই সমস্যাগুলো সর্বাগ্রে বিবেচনায় আনতে হবে।
সুলতানা কামালের সভাপতিত্বে ও বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিনের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমীন মুরশিদ ও সার্বক্ষণিক সদস্য আলাউদ্দিন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক গুলজার আলী প্রমুখ বক্তব্য দেন।