বুড়িগঙ্গা বাঁচাতে সব পদক্ষেপ নেবে সরকার: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিল্পের বর্জ্য ও খেয়া পারাপারের নৌকার ইঞ্জিনের তেলই বুড়িগঙ্গা নদী দূষণের মূল কারণ। এ দূষণ রোধের উপায় খুঁজে বের করার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বুড়িগঙ্গাকে বাঁচাতে তাঁর সরকার যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না। একে দূষণমুক্ত এবং ড্রেজিংয়ের মাধ্যমে এর নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের উদ্দেশে ভাষণে এসব কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেছেন, ‘পরিবেশের সঙ্গে সামঞ্জস্য ছাড়া কোনো উন্নয়নই টেকসই হবে না। দেশের সমৃদ্ধির লক্ষ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বর্ধিষ্ণু জনসংখ্যার খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের মধ্য ও দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, নিষ্কাশনব্যবস্থার সহায়ক রাজধানীর অধিকাংশ খাল ও পুকুর ধ্বংস করে কালভার্ট ও ভবন নির্মাণ করা হয়েছে, যা দুঃখজনক। তিনি বলেন, ইউক্যালিপটাস গাছ মাটির রস শুষে নেয়। দেশের উত্তরাঞ্চল শুষ্ক হওয়া সত্ত্বেও একসময় সেখানে ইউক্যালিপটাস গাছ লাগানো হয়, যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। ইউক্যালিপটাস গাছ বাস্তুসংস্থানের ওপর বিরূপ প্রভাব ফেলে, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয় এ অসাধু পদক্ষেপ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ১৩৫টি ড্রেন দিয়ে রাজধানীর আবাসন বর্জ্যসহ কল-কারখানার সমস্ত বর্জ্য বুড়িগঙ্গায় পড়ছে। এই ১৩৫টি ড্রেন লাইনকে একটি লাইনে নিয়ে এসে বর্জ্য অন্যত্র ফেলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এ জন্য তাঁর সরকার বুড়িগঙ্গার তীরে একটি কেন্দ্রীয় শোধনাগার তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। এতে যত অর্থই প্রয়োজন হোক নিষ্কাশনব্যবস্থা গঠন করতে হবে। তিনি পারাপারের খেয়ায় ইঞ্জিন ব্যবহার বন্ধ করে বৈঠার প্রচলন চালু করারও নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, বায়ুদূষণের মাত্রা হ্রাস করার লক্ষ্যে ইতিমধ্যে ২ হাজার ১৪১টি ইটভাটাকে আধুনিক প্রযুক্তির ইটভাটায় রূপান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে সব ইটভাটাকে আধুনিক প্রযুক্তির আওতায় আনা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব শফিকুর রহমান পাটোয়ারী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।