বুড়িগঙ্গা রক্ষায় আগে অবৈধ দখল উচ্ছেদ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদী ভরাট ও দখল বন্ধ, সঠিকভাবে সীমানা চিহ্নিত করা এবং নদীসংশ্লিষ্ট যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে সব দখল উচ্ছেদের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
‘বুড়িগঙ্গায় চলমান বেপরোয়া দখল বন্ধ করা এবং নদীসংশ্লিষ্ট যেকোনো পদক্ষেপের আগে দখলদার উচ্ছেদ কর’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারকিপার। সংবাদ সম্মেলনে বাপার সহসভাপতি ও প্রবন্ধিক সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে মূল বক্তব্য দেন বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল। তিনি বলেন, ২০১২ সাল থেকে আদি বুড়িগঙ্গার দখলের চিত্র সবার মাঝে ধারাবাহিক তুলে ধরা হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোনো দখল উচ্ছেদ করা হয়নি। এখন আদি বুড়িগঙ্গা নিয়ে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া বুড়িগঙ্গা পুনরুদ্ধারের নামে একনেকে সম্প্রতি ১ হাজার ১২৫ কোটি টাকার পুনঃখনন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সৈয়দ আবুল মকসুদ বলেন, একদিকে নদী রক্ষায় প্রতিশ্রুতি ও অর্থ বরাদ্দ দিচ্ছে সরকার। অন্যদিকে দখলদারদের বিষয়ে দেখানো হচ্ছে নমনীয়তা। এতে নদী রক্ষায় সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই ক্ষমতাসীন দলীয় রাজনীতির প্রভাবের যে সংস্কৃতি, তা থেকে বেরিয়ে না এলে দখলদার উচ্ছেদ কঠিন হবে। তিনি বলেন, দখল ও দূষণে নদীগুলো আজ মহাবিপর্যয়ের শিকার। এর নেতিবাচক প্রভাব আজ নাগরিকেরা ভোগ করছেন। ভবিষ্যতে আরও মারাত্মক পরিবেশ ও মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। যেকোনো মূল্যে নদীগুলোকে রক্ষা করতে হবে।