বুড়িগঙ্গা রক্ষায় উদ্যোগ নিতে হবে সরকারকে: মকসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ঐতিহ্য রক্ষায় বুড়িগঙ্গা নদী বাঁচানোর আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন। গবেষক, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, বুড়িগঙ্গার সঙ্গে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য জড়িয়ে রয়েছে। তাই এই নদী রক্ষায় সরকারকে উদ্যোগ নিতে হবে। তা না করা হলে ঢাকা তথা দেশের ঐতিহ্য বিলীন হয়ে যাবে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান।

দূষণ ও দখল থেকে বুড়িগঙ্গা নদী রক্ষায় নারায়ণগঞ্জের পাগলা থেকে বছিলা পর্যন্ত বিভিন্ন জায়গায় এই মানববন্ধনের আয়োজন করে বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। এর সঙ্গে একযোগে বছিলা সেতু, কামরাঙ্গীরচর সেতু, জিঞ্জিরা ফেরিঘাট, সোয়ারীঘাট, বাবুবাজার সেতু, শ্যামবাজার ঘাট, পোস্তগোলা, শ্যামপুর শ্মশানঘাট ও পাগলা ঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর অর্ধশতাধিক শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং প্রতিষ্ঠান অংশ নেয়।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ঢাকা শহরের বিভিন্ন কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান বুড়িগঙ্গা নদীতে সরাসরি বর্জ্য ফেলছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের প্রভাবশালী ব্যক্তি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা জড়িত রয়েছেন। যে সরকারই ক্ষমতায় যায়, তারা বুড়িগঙ্গা নদী রক্ষায় কোনো ভূমিকা পালন করে না।

সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, দেশের অবকাঠামো উন্নয়নে হাজারো কোটি টাকার বড় বড় প্রকল্প নিচ্ছে সরকার। এভাবে বুড়িগঙ্গা নিয়েও সরকারকে বড় প্রকল্প হাতে নিতে হবে। প্রয়োজনে অন্যান্য প্রকল্পের ব্যয় কমিয়ে এই খাতে ব্যয় করতে হবে। পাশাপাশি নদী দখল বন্ধ ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে।

বাপার সহসভাপতি খন্দকার বজলুল হক বলেন, দেশের কোনো সরকারই বুড়িগঙ্গা নিয়ে বড় কোনো প্রকল্প নেয়নি; বরং সরকারি দলের নেতারাই বুড়িগঙ্গা দখল করছেন। সরকার কঠোর না হলে বুড়িগঙ্গাকে রক্ষা করা যাবে না।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির নেতা আহসান হাবিব বলেন, বুড়িগঙ্গাকে বাঁচাতে না পারলে ঢাকাকে বাঁচানো যাবে না। ঢাকার কলকারখানা-শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য বুড়িগঙ্গায় ফেলা বন্ধ করতে হবে। এই নদীর পানি পরিষ্কার থাকলে শহরের পরিবেশও অনেক সুন্দর হবে।

দূষণ আর দখলের কবল থেকে বুড়িগঙ্গা নদীকে বাঁচানোর দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সদরঘাট এলাকায় আজ শুক্রবার মানববন্ধন করে। ছবি: হাসান রাজা
দূষণ আর দখলের কবল থেকে বুড়িগঙ্গা নদীকে বাঁচানোর দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সদরঘাট এলাকায় আজ শুক্রবার মানববন্ধন করে। ছবি: হাসান রাজা

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার সাদত বলেন, সরকারের ইচ্ছা থাকলে এক বছরের মধ্যে বুড়িগঙ্গাকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য সিটি করপোরেশনসহ অন্যান্য সংস্থাকে একযোগে কাজ করতে হবে।

বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাসের সঞ্চালনায় মানববন্ধনে ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি মো. শহীদুল্লাহ, পরিবেশ বাঁচাও আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, পুরান ঢাকার সিদ্দিক বাজারের স্থানীয় বাসিন্দা ও বাপার জাতীয় পরিষদের সদস্য জাভেদ জাহান, নাজিরাবাজার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ বক্তব্য দেন।