বুড়িগঙ্গা-শীতলক্ষ্যার জেটি অপসারণে ৭২ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতীরে মাল ওঠানো-নামানোর জন্য অনুমোদিত বেসরকারি জেটি ও আনুষঙ্গিক স্থাপনাগুলোর অবৈধ অংশ ভেঙে অপসারণ করতে খরচ হবে অন্তত ১২ কোটি টাকা।আর অনুমোদনহীন জেটি ও আনুষঙ্গিক স্থাপনা ভেঙে অপসারণ করতে খরচ পড়বে প্রায় ৬০ কোটি টাকা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক সমীক্ষার তথ্য উল্লেখ করে দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে।অনুমোদিত বেসরকারি জেটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবৈধ অংশই আপাতত ভাঙা বা অপসারণ করা হবে বলে সূত্র জানায়। অনুমোদিত ও অনুমোদনহীন সব প্রতিষ্ঠানকেই নিজ উদ্যোগে অবৈধ অংশ ভেঙে ফেলার সুযোগ দেওয়া হবে। তাতে ব্যর্থ হলে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান চালাবে। এ ছাড়া বিভিন্ন অনুমোদিত প্রতিষ্ঠানের বৈধ অংশ ভাঙার পর হাইকোর্ট আপত্তি জানালে বাকি অংশও ভাঙা হবে।২০০৯ সালের ২৪ মে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী নদী রক্ষার জন্য নদী ও তীরে গড়ে ওঠা সব বেসরকারি জেটির পুরো অংশই উচ্ছেদ করার কথা। হাইকোর্ট জনস্বার্থ বিবেচনা করে গত মে মাস পর্যন্ত উচ্ছেদের সময় বেঁধে দিয়েছিলেন।যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া বলেন, বিআইডব্লিউটিএ বিভিন্ন সময়ে কিছু জেটি ও সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণের জন্য নির্ধারিত জায়গার অনুমোদন দিয়েছিল। কিন্তু বেশির ভাগই নদীর বাড়তি জায়গা দখল করে এগুলো নির্মাণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে অবৈধ অংশ ভাঙতে বা সরাতে ব্যর্থ হলে জেলা প্রশাসনের সহায়তায় বিআইডব্লিউটিএ উচ্ছেদ করবে। খরচ দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।ভাঙা ও অপসারণে খরচ: বিআইডব্লিউটিএর একটি সমীক্ষা দল বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের আরসিসি জেটি, পোস্ট ও পাইলসহ অন্যান্য স্থাপনার অবৈধ অংশ ভাঙা বা অপসারণের বিস্তারিত খরচ হিসাব করেছে। বিআইডব্লিউটিএর অনুমোদিত ১১টি প্রতিষ্ঠানের মোট জেটি রয়েছে ১৩টি এবং পোস্ট ও পাইল রয়েছে ৭০৬টি। এগুলো ভাঙতে পাঁচ কোটি ৬৩ লাখ সাত হাজার এবং অপসারণে দুই কোটি পাঁচ লাখ টাকা খরচ হবে। জেটিগুলোর চারদিক বাঁধার খরচ পড়বে চার কোটি ৩০ লাখ টাকা। মোট খরচ হবে ১১ কোটি ৯৮ লাখ ছয় হাজার ৬৪৮ টাকা।১১টি অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে: সিমেক্স সিমেন্ট ইন্ডাস্ট্রি, শিকদার ক্রিস্টাল সল্ট ইন্ডাস্ট্রি, এসিআই সল্ট ইন্ডাস্ট্রি, মীর সিমেন্ট ইন্ডাস্ট্রি, আকিজ সিমেন্ট ইন্ডাস্ট্রি, সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রি, স্ক্যান সিমেন্ট ইন্ডাস্ট্রি, পারটেক্স সুগার মিল, স্টার পার্টিক্যাল মিল, মোল্লা সল্ট ও ইস্টার্ন সিমেন্ট।সূত্র মতে, ১১টি প্রতিষ্ঠানের বাইরে আরও অন্তত ৪৩টি প্রতিষ্ঠানের অবৈধ জেটি এবং আনুষঙ্গিক স্থাপনা রয়েছে। সেগুলো ভাঙতে ও অপসারণ করতে প্রায় ৬০ কোটি টাকা খরচ পড়বে। ভাঙার পর নদী থেকে ভাঙা অংশগুলো সরাতেই হবে। নইলে নৌযান চলাচলে দুর্ঘটনা ঘটতে পারে।বন্দর আইন ১৯০৮ এবং বন্দর বিধি ১৯৬৬ অনুসারে নৌযানে যাত্রী ও মালামাল ওঠানো-নামানো এবং কিছু কিছু জেটির লাইসেন্স দিয়েছিল বিআইডব্লিউটিএ। কিন্তু বেশির ভাগ কোম্পানি তাদের জেটির জন্য ১০০ বর্গফুটের অনুমোদন নিয়ে নির্মাণ করেছে ৪০০ থেকে ৫০০ বর্গফুট আয়তনের জেটি। অনেক জেটি নদীর মাঝ পর্যন্ত চলে গেছে। এগুলো নৌযান চলাচলে এবং পানিপ্রবাহে বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে।