বুড়িগঙ্গা সেতু অবরোধ, টোলঘরে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মবহির্ভূতভাবে ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১-এ (বুড়িগঙ্গা সেতু) অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় সেতুর তিনটি টোলঘরে অগ্নিসংযোগ করা হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল সাড়ে নয়টার দিকে কেরানীগঞ্জের পরিবহন শ্রমিক, মালিক ও এলাকাবাসী সেতু অবরোধ করে। একপর্যায়ে তারা সেতুর টোল আদায়ের তিনটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেতু দিয়ে যানবাহন চলাচল এক ঘণ্টার মতো বন্ধ ছিল। এতে ঢাকা-মাওয়া মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবর্ণনীয় দুর্ভোগে পড়ে মানুষ। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে পাপ্পু (৪০) নামের একজনকে আটক করা হয়।সেতুর টোলঘরের ক্যাশিয়ার ফরহাদ আলম দাবি করেন, হামলাকারীরা টোলের প্রায় পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।বিক্ষোভে অংশ নেওয়া ইকুরিয়া এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সাত্তার মিয়া বলেন, ‘এই সেতুতে সিএনজি অটোরিকশার ক্ষেত্রে টোল আদায়ের কোনো নিয়ম নেই। কিন্তু আমাদেরও মাসে আড়াই হাজার টাকা করে টোল দিতে হয়।’রিকশাচালক আবদুল মান্নান বলেন, সেতু দিয়ে চলাচলের সময় প্রতিবার ইজারাদার কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে পাঁচ টাকা টোল আদায় করে। তাই তাঁরা বাধ্য হয়ে রিকশাভাড়া বাড়িয়ে দিয়েছেন। জানতে চাইলে টোল আদায়কারী প্রতিষ্ঠান চৌধুরী অ্যান্ড সুমাইয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. ওয়াসিম বলেন, গত বুধবার রাতে ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদের এক আত্মীয় গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। সেতুর টোল নিয়ে টোলঘরের লোকজনের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাংসদের সমর্থকেরা ওই ঘটনা ঘটিয়েছে।এ ব্যাপারে সাংসদ নসরুল হামিদের একান্ত সচিব মোজাহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত টোল আদায়ে ক্ষিপ্ত হয়ে পরিবহন মালিক, শ্রমিক ও এলাকাবাসী প্রতিবাদ জানায়। এর সঙ্গে সাংসদের লোকজন জড়িত ছিল না। রাজনৈতিকভাবে সাংসদকে হেয় করতে ইজারাদারের লোকজন মিথ্যা অভিযোগ করছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, অতিরিক্ত টোল আদায়ের ঘটনায় এলাকাবাসী সেতু অবরোধ করলে একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। পরে পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।