বুড়িগঙ্গাকে ঝিল বানানো বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী উদ্ধার ও উন্নয়নের নামে বুড়িগঙ্গা নদীকে লেক বা ঝিলে পরিণত করার পরিকল্পনা বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারকিপার। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নাগরিকদের সঙ্গে পরামর্শ না করে গত ২২ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে বিশ্বব্যাংক ও বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) আর্থিক সহায়তায় সিঙ্গাপুরের কালং ও সিঙ্গাপুর নদী এবং বাংলাদেশের হাতিরঝিলের আদলে বুড়িগঙ্গার দুই তীর সাজানোর ঘোষণা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ‘ঢাকা ইন্টিগ্রেটেড আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড
স্মার্ট সিটি ম্যানেজমেন্ট প্রজেক্ট’ নামে এ প্রকল্পটির মাধ্যমে বুড়িগঙ্গার তীর ঘেঁষে হাজারীবাগ থেকে পাগলা পর্যন্ত আধুনিকায়ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। নদী উদ্ধারের নামে নদীকে ঝিলে রূপান্তরের এই পরিকল্পনা নদীকে হত্যার নামান্তর। এর মাধ্যমে বুড়িগঙ্গার শেষকৃত্য সম্পন্ন হবে বলে সংবাদ সম্মেলনে আশঙ্কা করা হয়।
বাপার সহসভাপতি অধ্যাপক মোয়াজ্জম হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বুড়িগঙ্গা রিভারকিপার ও বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল, বাপার সহসভাপতি মোবাশ্বের হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে তুলে ধরা অন্য দাবিগুলো হচ্ছে নদী-সংশ্লিষ্ট সব নকশা ও পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করতে হবে, অবিলম্বে তলদেশ, ঢাল ও পাড়ের সকল প্রকার দখল, ভরাট ও নির্মাণকাজ বন্ধ করতে হবে, আদালতের রায় অনুযায়ী যথাযথভাবে নদীর সীমানা চিহ্নিত করার কাজ শেষ করতে হবে এবং নদীবিষয়ক যেকোনো উন্নয়ন পরিকল্পনায় নাগরিকদের সম্পৃক্ত করতে হবে।