বুড়িগঙ্গাকে বাঁচাতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে
আদি বুড়িগঙ্গাকে বাঁচাতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ঢাকার চারপাশে কাঁচপুর, টঙ্গী ও আশুলিয়ায় আরও তিনটি ইকোপার্ক নির্মাণ করা হবে। নদীর তীর রক্ষায় ২০ কিলোমিটার ‘ওয়াকওয়ে’ নির্মাণ করা হয়েছে। আরও ৫০ কিলোমিটার ‘ওয়াকওয়ে’ নির্মাণ করা হবে।
গতকাল বৃহস্পতিবার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ অন্যান্য নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখাসংক্রান্ত টাস্কফোর্সের ৩২তম সভায় এসব কথা জানানো হয়েছে। এতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সভাপতিত্ব করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নদীতীরের অবৈধ দখলদারদের আর ছাড় দেওয়া হবে না। মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের জেল ও জরিমানা করা হবে। যেসব শিল্পপ্রতিষ্ঠানে অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন করা হয়নি, সেগুলোতে ইটিপি স্থাপন ও সব কারখানায় ইটিপি চালু রাখতে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সভায় জানানো হয়, নদীর তীর অবৈধ দখল রোধে ঢাকার চারপাশে ৪ হাজার ৬৩টি এবং নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে ৫ হাজার ১১টি ‘সীমানা চিহ্নিতকরণ পিলার’ স্থাপন করা হয়েছে। বিজ্ঞপ্তি