বুড়িগঙ্গাতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
কেরানীগঞ্জ মডেল থানার নবাবচর মৌজার খোলামোড়া ও নবাবচর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে তোলা তিনটি অবৈধ স্থাপনা
উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ সময় নদীর সীমানা পরিমাপ করে ১০টি খুঁটি পুনঃস্থাপন করা হয়।
গতকাল সোমবার বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রট রাহাত মান্নানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
ঢাকা নদীবন্দর কার্যালয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিএ খোলামোড়া নৌ টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গার তীরে স্থাপিত সীমানা পিলার পুনঃস্থাপনের মাধ্যমে অভিযান শুরু করে। এরপর খোলামোড়া খেয়াঘাটের কাছে টিনশেডের একটি গুদামঘর এক্সকাভেটর দিয়ে উচ্ছেদ করা হয়। নবাবচর এলাকায় একটি গরু খামার উচ্ছেদ করতে গেলে খামারের মালিক খলিল মিয়া খামারঘর উচ্ছেদ না করতে বারবার অনুরোধ জানান। পরে তাঁকে আগামী এক মাসের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়।
খলিল মিয়া বলেন, ‘১৯৯৮ সালে ১৮ শতাংশ জমি কিনে এখানে গরুর খামার করেছি এবং নিয়মিত জমির খাজনা পরিশোধ করছি। অথচ বিআইডব্লিউটিএর লোকজন আমার জমিতে খুঁটি গেড়ে লাল পতাকা লাগিয়ে দিয়েছে।’
এদিকে নবাবচর এলাকার পাঁচতলার গাজী ভবনের মালিক গাজী আমিন উদ্দিন বলেন, ২০০৭ সালে তিনি ৩২৫ অযুতাংশ (১ শতাংশ=১০০ অযুতাংশ) জমি কিনেছেন। পরে ২৮৫ অযুতাংশ জায়গায় পঞ্চমতলা ভবন নির্মাণ করেন।অথচ বিআইডব্লিউটিএর লোকজন তাঁর কেনা জায়গাকে নদীর জমি হিসেবে চিহ্নিত করে উচ্ছেদ করতে চাচ্ছে।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান বলেন, গতকালের অভিযানে বুড়িগঙ্গা নদীর তীরভূমি পরিমাপ করে ১০টি সীমানা পিলার পুনঃস্থাপন করা হয়েছে। পুনঃস্থাপিত সীমানা পিলারের মধ্যে যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো আগামী ১৫ আগস্টের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নিতে দখলদারদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া না হলে পরে উচ্ছেদ করা হবে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গোলজার আলী বলেন, খুঁটি পুনঃস্থাপন ছাড়াও গতকালের অভিযানে একটি বড় টিনশেডের টংঘর, দুটি আধা পাকা স্থাপনাসহ তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা নদীবন্দরের সহকারী পরিচালক নুর হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক মোক্তার হোসেন, নৌবন্দরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান।