
কামরাঙ্গী নামে অনিন্দ্যসুন্দরী এক নারী বাস করতেন বুড়িগঙ্গার চরে। একদিন নদী পার হওয়ার সময় নৌকা ডুবে তাঁর মৃত্যু হয়। তখন তাঁর প্রেমিক যুবক ভারাক্রান্ত হৃদয়ে ‘হায় কামরাঙ্গী’, ‘হায় কামরাঙ্গী’ বলে গগনবিদারী চিৎকার করতে থাকেন। চারদিকে কেবল উত্তাল ঢেউ, কোথাও নেই কামরাঙ্গী—এ দৃশ্য দেখে যুবক বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। নদীতে রচিত হয় যুগল প্রেমের সমাধি। সেই থেকে ওই চরের নামকরণ হয় কামরাঙ্গীরচর (কিংবদন্তির ঢাকা, লেখক নাজির হোসেন)।
১৯৯০ সাল পর্যন্ত কামরাঙ্গীরচর ছিল ঢাকার মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আট মাস শুকনো আর চার মাস পানির নিচে—এই ছিল এখানকার বাসিন্দাদের নিয়তি। ধান, ডাল, সরিষা ফলত। লেখাপড়া বলতে প্রধানত ছিল মাদ্রাসাশিক্ষা। ১৯৯১ সালে প্রথম ‘হাক্কুল এবাদ লোহার ব্রিজ’ নির্মাণের মধ্য দিয়ে লালবাগের সঙ্গে যুক্ত হয় চরটি। এরও ১০ বছর পরে হয় নদী রক্ষা বাঁধ (বেড়িবাঁধ)।
গত ২৩ আগস্ট দুপুরে সদরঘাট থেকে ট্রলারে ১২ টাকা ভাড়া দিয়ে কামরাঙ্গীরচর ঘাটে পৌঁছাতে বেশি সময় লাগল না। বেড়িবাঁধের পাকা সড়কে উঠে একটু পথ এগোতেই ডান দিকে বুড়িগঙ্গা গণপাঠাগার। বাঁয়ে স্রোতস্বিনী বুড়িগঙ্গা।
বুড়িগঙ্গা গণপাঠাগার প্রতিষ্ঠা করেন এই চরের স্থানীয় যুবকেরা, ২০০৭ সালে। ওই দিন পাঠাগারে গিয়ে যাঁর উৎসাহে গড়ে উঠেছিল ছোট এই প্রতিষ্ঠানটি, সেই মো. হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি ইমাম হোসেন, বর্তমান সভাপতি মো. জামান ও বর্তমান সাধারণ সম্পাদক শহীদ হোসেনকে পাওয়া গেল। এর মধ্যে হাবিবের বঙ্গবাজারে কাপড়ের ব্যবসা, ইমাম হোসেনের কাঠের ব্যবসা আর জামানের আছে পোশাক কারখানা। শহীদ হোসেন করেন ইট-বালুর ব্যবসা।
চরে পাঠাগারের কেন প্রয়োজন পড়ল—এ প্রশ্নের জবাবে শহীদ জানালেন, তিনি ক্লাস এইট পর্যন্ত পড়েছেন। আর চালাতে পারেননি। তখন ছিল একরকম পরিবেশ। মানুষজন কম ছিল। আর এখন নানা মানুষ। স্কুল-কলেজ থাকলেও ছেলেমেয়েদের বিগড়ে যাওয়ার ঝুঁকি বেশি। এ অবস্থায় তাঁরা কয়েকজন ঠিক করলেন একটা পাঠাগার যদি করা যায়, তবে ছেলেমেয়েরা একটা ভালো পরিবেশের মধ্যে থাকতে পারে।
শহীদ দেখিয়ে দেন পাশে বসা হাবিবকে। হাবিব ছিলেন নগর ভবনের কাছে গোলাপ শাহ গণপাঠাগারের সাধারণ সম্পাদক। সাত-আট বছর চলার পর ২০০৬ সালে ভেঙে দেওয়া হয় ওই পাঠাগারটি। সেখানকার ৭০০-৮০০ বই দিয়ে যাত্রা শুরু করে এই বুড়িগঙ্গা গণপাঠাগার।
কাগজপত্রে ১ হাজার ৩০০ বই থাকলেও এখন বাস্তবে বইয়ের সংখ্যা প্রায় ৬০০। তাকগুলো ফাঁকা। জানা গেল, সকাল নয়টায় খোলার পর মাগরিবে বন্ধ হয় পাঠাগারটি। নির্দিষ্ট গ্রন্থাগারিক নেই। ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কয়েকজন নিজ নিজ কাজের ফাঁকে এখানে সময় দেন। আর সারা দিনই এখানে স্কুল, কলেজ, মাদ্রাসার ছেলেমেয়েরা পড়তে আসে। এরা অনেক সময় বই নিয়ে ফেরত দেয় না। শহীদ বললেন, ‘আমরা কোনো শিক্ষার্থীর ওপর চাপ দিতে চাই না। আমরা বিশ্বাস করি, যারা বই নিয়ে আর ফেরত দিচ্ছে না, তারা একদিন ঠিকই ফেরত দেবে। পড়তে পড়তে তাদের মধ্যে একধরনের বোধ তৈরি হবে যে বই নিয়ে ফেরত না দেওয়া অন্যায়।’
পাঠাগারে বই পড়ছিলেন হাবিবুল্লাহ, শেখ বোরহানউদ্দিন কলেজের বিবিএর ছাত্র। হাবিবুল্লাহ বললেন, পাঠাগারে বসার জায়গা কম। টেবিল চারটা, বেঞ্চ ছয়টা। কিন্তু বিকেলে প্রচুর ভিড় হয়। আর সাহিত্য, ইতিহাস, বিজ্ঞানের আরও নানা ধরনের বই প্রয়োজন। একই কথা সদ্য উচ্চমাধ্যমিক পাস করা মো. রেজাউলের। তাঁর ভাষ্য, একজন শিক্ষার্থী এখানে এসে তার মনের খোরাক পুরোপুরি মেটাতে পারে না।
দেখা গেল, এখানকার বইগুলো প্রধানত গল্প, উপন্যাস, মুক্তিযুদ্ধ, রাজনীতিবিষয়ক। আছে ধর্মীয় বইও। তাকে গ্লাস না থাকায় ধুলো-ময়লাও জমেছে যথেষ্ট। পাঠাগারটি বছর কয়েক আগেও টিনশেডের ছিল। পরে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে ১ লাখ টাকা অনুদান এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দেওয়া চাঁদায় একতলা ভবন নির্মাণ করা সম্ভব হয়। বর্তমান সভাপতি জামান বললেন, ‘আমরা পাঠকদের কাছ থেকে চাঁদা নিই না। ব্যবস্থাপনা কমিটির সদস্যরাই যাবতীয় খরচ-খরচা করি।’ পাঠাগার পরিচালনায় কিছু সীমাবদ্ধতা থাকা অস্বাভাবিক নয় জানিয়ে বললেন, ‘আমাদের গ্রন্থাগারিক রাখার টাকা নেই। তবে পাঠাগারটি আমাদের। চরবাসীর। যেভাবেই হোক আমরা চালু রাখব।’
শিগগিরই কমিটির সভা ডেকে প্রয়োজনীয় কাজগুলো যতটা সম্ভব করতে সচেষ্ট হবেন, সে কথা জোর দিয়েই বললেন বর্তমান সভাপতি।