আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সমাবেশ
বুড়িগঙ্গার আদি চ্যানেল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি
দখল আর দূষণে বিপর্যস্ত বুড়িগঙ্গার আদি চ্যানেল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন পরিবেশ আন্দোলন মঞ্চ। গতকাল মঙ্গলবার সকালে হাজারীবাগ পার্ক থেকে বুড়িগঙ্গার আদি চ্যানেল অভিমুখে পদযাত্রা এবং সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, একসময় প্রবহমান থাকলেও এখন বসতি, শিল্পকারখানা, গৃহস্থালি বর্জ্য, হাসপাতালসহ বর্জ্য নির্গমনকারী বিভিন্ন প্রতিষ্ঠান আবারও দখল করেছে বুড়িগঙ্গার আদি চ্যানেল। দেখে বোঝার উপায় নেই যে, এখানে একসময় বহমান নদী ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও অব্যাহত দখল, ভরাট ও কর্তৃপক্ষের অবহেলায় আজ মরতে বসেছে পুরান ঢাকার প্রাণ বুড়িগঙ্গার আদি চ্যানেল।
তাঁরা বলেন, দেশে জলাধার রক্ষা আইন থাকার পরও প্রশাসনের চোখের সামনে দখলদারেরা মরিয়া হয়ে উঠেছে বুড়িগঙ্গাসহ এর দ্বিতীয় চ্যানেলের শেষনিশ্বাসটুকু কেড়ে নিতে। দখল ও দূষণের প্রতিযোগিতা বন্ধে এবং বাসযোগ্য ঢাকা গড়ে তোলার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে খাল, নদী এবং জলাধার রক্ষার উদ্যোগ গ্রহণ করা দরকার।
বক্তারা রেকর্ড অনুযায়ী সীমানা নির্ধারণ করে স্থায়ী পিলার স্থাপন করা, খনন করে আদি চ্যানেলের গতিপ্রবাহ আগের অবস্থায় ফিরিয়ে আনা, নদীতে গৃহস্থালি বর্জ্য ফেলা বন্ধ করা, ট্যানারিগুলো জরুরি ভিত্তিতে স্থানান্তর করা, শিল্পবর্জ্য, হাসপাতাল বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা এবং বর্জ্য পরিশোধনাগার স্থাপন করার দাবি জানান।
১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বুড়িগঙ্গার আদি চ্যানেল রক্ষার দাবিতে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় পরিবেশ আন্দোলন মঞ্চসহ ১৭টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন অংশ নেয়। বিজ্ঞপ্তি