বুড়িগঙ্গার আদি চ্যানেলে ফেলা হচ্ছে ইট-সুরকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙা বাড়ির ইট-সুরকি ও বর্জ্য ফেলা হচ্ছে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলে। গতকাল কামরাঙ্গীরচরের লোহার সেতু এলাকা থেকে ছবিটি তোলা l প্রথম আলো
ভাঙা বাড়ির ইট-সুরকি ও বর্জ্য ফেলা হচ্ছে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলে। গতকাল কামরাঙ্গীরচরের লোহার সেতু এলাকা থেকে ছবিটি তোলা l প্রথম আলো

পুরান ঢাকার হাজারীবাগ থেকে পূর্ব ইসলামবাগ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলে বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে ভাঙা বাড়ির ইট-সুরকি ও বর্জ্য। এতে নদী ভরাট হয়ে যাচ্ছে।

পুরান ঢাকার সোয়ারীঘাটের কিছুটা পশ্চিমে চাঁদনীঘাট এলাকায় দুই ভাগে ভাগ হয়ে যাওয়া বুড়িগঙ্গার উত্তর দিকের শাখাটি আদি চ্যানেল হিসেবে পরিচিত। আর দক্ষিণের শাখাটি এখনকার মূল বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার আদি চ্যানেল বুড়িগঙ্গা দ্বিতীয় চ্যানেল নামেও পরিচিত। এর দৈর্ঘ্য চার কিলোমিটারের বেশি।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, কামরাঙ্গীরচর লোহার সেতুর পূর্ব পাশে বুড়িগঙ্গার আদি চ্যানেলে ভাঙা বাড়ির ইট-সুরকি ফেলা হচ্ছে। এভাবে পূর্ব ইসলামবাগের একটি ফিলিং স্টেশনের সামনে থেকে হাজারীবাগ পর্যন্ত সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়কের দক্ষিণ পাশে অন্তত ১৫টি স্থানে ইট-সুরকি ফেলা হয়েছে। তবে কারা ইট-সুরকি ফেলছেন, সেটা জানা যায়নি।

লালবাগের বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, রাতের লোকজন ট্রাক ও ভ্যানে করে ইট-সুরকি এনে ফেলে চলে যান। তিনি বলেন, ৮ থেকে ১০ বছর ধরে এই ভরাট ও দখলের প্রবণতা শুরু হয়েছে। দখলের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। তাই নদী রক্ষায় কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কেউ আদি চ্যানেলের পাড়ে বাসাবাড়ির বর্জ্য ফেললে তা ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করেন। তবে কেউ ইট-সুরকি ফেললে তা অপসারণ করা আমাদের দায়িত্ব নয়।’

বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস বলেন, ‘সরকার বিভিন্ন সময় বুড়িগঙ্গা রক্ষায় প্রতিশ্রুতি ও পদক্ষেপ নিলেও মাঝপথেই তা থেমে গেছে। কার্যকর সুফল আমরা পাইনি। ফলে প্রাণপ্রিয় বুড়িগঙ্গা ও তার আদি চ্যানেল আজ মৃত্যুর মুখে। অথচ ঢাকার জনগণকে বাঁচানোর স্বার্থে বুড়িগঙ্গাকে রক্ষা করা খুবই জরুরি। তাই বুড়িগঙ্গা রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

এদিকে চ্যানেলটির দুই পাড় ও নদীর ভেতরে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও কারখানা উচ্ছেদে গত ২২ ডিসেম্বর অভিযান ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু পরে এই কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, অভিযান বন্ধ হয়ে যাওয়ায় নদী ভরাট ও অবৈধ দখলের মাত্রা আরও বেড়েছে। এখন বাকি অংশটুকু ভরাটের উৎসব চলছে।

উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর কেন তা স্থগিত হয়ে গেল? এমন প্রশ্নের জবাবে খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, ‘ওই অভিযানের সময় বর্জ্য অপসারণে আমাদের কাছে ট্রাক চেয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আমরা তাদের গাড়ি দিয়েছি। এর কিছুদিন পর তাদের কার্যক্রমে কেন বন্ধ হয়ে গেল, তা আমাদের জানা নেই। তবে তারা কয়েক মাস পর আবার কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।’