বুড়িগঙ্গার আদি চ্যানেলের দখল ও দূষণ বন্ধের দাবি
রাজধানী ঢাকাকে বাঁচাতে বুডিগঙ্গা নদীর প্রবাহস্থলের (আদি চ্যানেল) দখল ও দূষণের প্রতিযোগিতা বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি করেছে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। তারা বলেছে, এই আদি চ্যানেল দখলের অশুভ প্রতিযোগিতার কারণে মোহাম্মদপুর, রায়েরবাজার, হাজারীবাগ, কালুনগর, ভাগলপুর, নবাবগঞ্জ, শহীদনগর, কামালডাঙ্গা, ইসলামবাগসহ সংশ্লিষ্ট এলাকার জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে।গতকাল শনিবার সকালে শাহবাগ চারুকলা ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে নদীর প্রবাহ রক্ষার এই দাবি জানানো হয়। বক্তারা এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনার পূর্ণ বাস্তবায়ন জরুরি বলে উল্লেখ করেন। বক্তারা বলেন, সোয়ারীঘাট-গাবতলী বেড়িবাঁধের দুই পাশের অধিগ্রহণ করা জমি দ্রুত দখল-ভরাটের কবলে পড়েছে। ফলে এলাকাটি বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার মুখে পড়ে।