বুড়িগঙ্গার আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআইডব্লিউটিএর উদ্যোগে গতকাল বুধবার বুড়িগঙ্গা তীরের পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদীর সীমানা মেপে ১৫টি পিলারও পুনঃস্থাপন করা হয়েছে।

ঢাকা নদীবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিএর অভিযান পরিচালনাকারী দল কামরাঙ্গীরচর থানার হুজুরপাড়া এলাকায় টিনের তিনটি ছাপরাঘর, একটি সীমানাপ্রাচীর ও একটি আধপাকা স্থাপনা উচ্ছেদ করে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গোলজার আলী জানান, গত তিন দিনে কামরাঙ্গীরচর থানাধীন খোলামোড়া ও মুন্সিহাটি এলাকায় ছোট-বড় টিনশেডের টংঘর, পাকা স্থাপনাসহ ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নদীতীরের জায়গা পুনর্নির্ধারণ করে সেখানে গতকাল পর্যন্ত ৩৩টি সীমানা পিলার পুনঃস্থাপন করা হয়েছে। তিনি জানান, ১৭ ও ১৮ জুলাই কেরানীগঞ্জের খোলামোড়া, মধ্যেরচর ও নবাবচর এলাকায় নদীর তীরের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে অভিযান চালানো হবে।

উচ্ছেদের প্রতিক্রিয়ায় গতকাল হুজুরপাড়া এলাকার গয়িজউদ্দিন মিয়ার ছেলে জসিমউদ্দিন মিয়া বলেন, ‘আমার বাপ ও দুই চাচার এখানে তিন বিঘা পৈতৃক জমি আছে। আমার বাবার ২৪ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছি। আমাদের পৈতৃক জমির তিন ভাগ নদীর বলে সেখানে খুঁটি গেড়ে লাল পতাকা লাগিয়ে দিয়েছেন বিআইডব্লিউটিএর লোকজন।’

হুজুরপাড়া এলাকায় রুপচাঁদা কোম্পানির তৃতীয় তলার ভবন ও হাজি এনায়েতউল্লাহর মালিকানাধীন ইনসাফ ফুড অ্যান্ড অ্যাগ্রোভেটের দোতলা ভবনের একাংশ উচ্ছেদ করতে গেলে এ দুটি প্রতিষ্ঠানের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে উচ্ছেদকারীরা এ দুটি প্রতিষ্ঠানের ভবনের স্থাপনার একাংশের পাশে সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করেন।

ইনসাফ ফুড অ্যান্ড অ্যাগ্রোভেটের কারখানার তত্ত্বাবধায়ক মো. ইব্রাহিম বলেন, ‘আমাদের কোম্পানির মালিক ১৯৯৮ সালে ৪০ কাঠা জমি কিনে এখানে কারখানা স্থাপন করেন। বিআইডব্লিউটিএ এ জায়গাটিকে নদীর তীরের খাসজমি হিসেবে চিহ্নিত করে উচ্ছেদ করছে।’

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান বলেন, কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি, আশ্রাফাবাদ ও হুজুরপাড়া এলাকায় বুড়িগঙ্গা তীরের জমি পরিমাপ করে গতকাল পর্যন্ত ৩৩টি সীমানা পিলার পুনঃস্থাপন করা হয়েছে। এ ছাড়া রুপচাঁদা, ইনসাফ ফুডসহ অবৈধ দখলদারদের স্থাপনাগুলো এবং সীমানা পিলারের মধ্যকার অবৈধ স্থাপনাগুলো নিজ উদ্যোগে ৩০ জুলাইয়ের মধ্যে সরিয়ে নিতে দখলদারদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সেগুলো উচ্ছেদ করা হবে।