বুড়িগঙ্গার তীরে জমি পাচ্ছে না র্যাব
ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর তীরে র্যাব-১০-এর কার্যালয় করার জন্য দেওয়া সাত একর জমির বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। র্যাবকে এ জন্য অন্যত্র জমি বরাদ্দ দেওয়া হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত নদীরক্ষায় গঠিত টাস্কফোর্সের পার্শ্বসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। তিনি বলেন, গত রোববার পাঁচজন মন্ত্রী ওই এলাকা সরেজমিনে দেখেছেন। সবকিছু পর্যালোচনা করে মনে হয়েছে, র্যাবকে ওই জায়গা দেওয়া হলে বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারের কাজ বাধাগ্রস্ত হবে। এ জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে র্যাবকে অন্যত্র জায়গা বরাদ্দ দেওয়া হবে।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নৌপরিবহনমন্ত্রী ছাড়াও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সাংসদ হাজি মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ঢাকার জেলা প্রশাসক, র্যাব ও পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভাসূত্রে জানা যায়, দীর্ঘমেয়াদে বন্দোবস্তের সালামি বাবদ ৯৮ লাখ ১৮ হাজার ১৩৮ টাকার (নির্ধারিত মূল্যের ১০ শতাংশ) বিনিময়ে র্যাবকে ওই জমি বরাদ্দ দেয় ঢাকা জেলা প্রশাসন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জমিটি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। জমির দলিল হয় ২০০৮ সালে। জমিটি দখলে নিতে খঁুটি লাগানো হয় ২০১১ সালে। শুরু থেকে এ জমি বরাদ্দের সমালোচনা করছেন পরিবেশবাদীরা৷ এ জমি নিয়ে কমপক্ষে পাঁচটি মামলা হয়। সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশ দেন। এ অবস্থায় গতকাল র্যাবকে দেওয়া জমির বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত হলো।
সভাসূত্রে জানা যায়, শিগগিরই ঢাকা জেলা প্রশাসন এই বরাদ্দ বাতিল করবে।
নৌপরিবহনমন্ত্রী জানান, সভায় বুড়িগঙ্গা নদীর যেসব জায়গা দখল করা হয়েছে, আদি চ্যানেল উদ্ধারের লক্ষ্যে ওই সব দখলদারদের উচ্ছেদে ১৩ সদস্যের একটি কমিটি করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান শামছুদ্দোহা খন্দকারের নেতৃত্বে গঠিত এই কমিটি অবৈধ দখলদার উচ্ছেদের পরিকল্পনার পাশাপাশি তা বাস্তবায়নও করবে। আগামী মাসের (জুন) মধ্যে এ কাজ শেষ হবে। কমিটি হাইকোর্টকে এ বিষয়ে অবহিত করবে।
অবৈধ দখলদার উচ্ছেদ করে বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে।
নদী দখলের বর্ণনা দিতে গিয়ে মন্ত্রী বলেন, বুড়িগঙ্গার আদি চ্যানেল বিলুপ্ত হতে চলেছে। নদীর তীরে বড় বড় আবাসনপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।
দুই সংগঠনের সাধুবাদ: গতকালের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন৷ যৌথ বিবৃতিতে সংগঠন দুটি এই সিদ্ধান্ত বাস্তবায়নে গঠিত কমিটি দ্রুত কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেছে৷