বুড়িগঙ্গার তীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআইডব্লিউটিএ বুড়িগঙ্গা নদীর তীরে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এ ছাড়া বুড়িগঙ্গা নদীতে ময়লা-আবর্জনা ফেলার অভিযোগে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও নদীর তীরে অবৈধভাবে রাখা ৫০ হাজার টাকার মালামাল নিলাম করেছে।
গতকাল রোববার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা বানু। ঢাকা নদী বন্দর সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চর কালীগঞ্জ ও পূর্ব আগানগর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ছোট-বড় টং, দোকানঘরসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে চর কালীগঞ্জ এলাকায় নদীর তীরে ময়লা-আবর্জনা ফেলা ও আগানগর এলাকায় ইট, বালু ফেলে নদীর তীর ভরাটের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাঈদ গার্মেন্টস, ইমা কম্পিউটার গার্মেন্টস, মিজান কম্পিউটার, আরসি কন্সট্রাকশন। এ ছাড়া বুড়িগঙ্গা নদীর তীর দখল করে নির্মাণসামগ্রী রাখায় সেগুলো ৫০ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা বানু বলেন, নদীর তীর অবৈধভাবে দখল করে কাউকে ব্যবসা পরিচালনা করতে দেওয়া যাবে না। নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে অংশ নেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক গোলজার আলী, উপপরিচালক শহীদুল্লাহ, সহকারী পরিচালক আসাদুজ্জামান প্রমুখ।