বুড়িগঙ্গার তীরে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে বুড়িগঙ্গা নদীর তীরে কদমতলী থানার শ্যামপুরে অভিযান চালিয়ে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এ ছাড়া বুড়িগঙ্গা নদীর তীরে দখল করা প্রায় ৪০ কাঠা জমি উদ্ধার করা হয়।
বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা বানু ও ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।
ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর কদমতলী থানার শ্যামপুর এলাকায় আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আধা পাকা কার্যালয় উচ্ছেদের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় ট্রাক শ্রমিক ইউনিয়নের সহসভাপতি তাজুল ইসলাম তাঁর লোকজন নিয়ে বাধা দিতে আসেন। এ সময় তাঁরা সাংবাদিক ও উচ্ছেদকারীদের জানান, তাঁরা কোনো আগাম নোটিশ পাননি। পরে বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা মামুন, মিজান, সারোয়ার ও আনসারের দখল করা ইট-বালুর চারটি আধা পাকা ও টং দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া শ্যামপুর এলাকায় বুড়িগঙ্গার তীর দখল করে ট্রাকস্ট্যান্ডটি উচ্ছেদ করে প্রায় ৪০ কাঠা জমি উদ্ধার করা হয়। শ্যামপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর দখল করে ইট-বালু ও নির্মাণসামগ্রী রাখার অভিযোগে সেই মালামাল ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা বানু বলেন, নদীর তীর অবৈধভাবে দখল করে কাউকে ব্যবসা পরিচালনা করতে দেওয়া যাবে না। নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে অংশ নেয় ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গোলজার আলী, উপপরিচালক শহীদ উল্লাহ, সহকারী পরিচালক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।