বুড়িগঙ্গার দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ
সাভার ও কেরানীগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত বুড়িগঙ্গা ও বংশী নদীসহ কর্ণপাড়া খাল দখলমুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে ঢাকা জেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সাংসদ এনামুর রহমান। আজ শনিবার ‘নদী ও খাল দখল এবং দূষণ রোধে করণীয় শীর্ষক’ এক আলোচনা সভা শেষে তিনি এ নির্দেশ দেন।
সাভারের আনন্দপুরে বেসরকারি প্রতিষ্ঠান ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) মিলনায়তনে সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনায় আজ প্রথম আলোতে প্রকাশিত ‘সাভারে বুড়িগঙ্গা নদী সাবাড়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন প্রাধান্য পায়।
সাংসদ এনামুর বলেন, ভরাট ও দখলের ফলে সাভারসহ আশপাশের এলাকার নদী ও খাল অস্তিত্ব হারাচ্ছে। আর কল-কারখানার বর্জ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এসব জলাশয়ের পানি। দীর্ঘদিন ধরে এই দখল ও দূষণ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সাংসদ বলেন, ‘প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে আমি দখল ও দূষণ বিষয়ে অনেক ধারণা পেয়েছি। এর পরই ঢাকার জেলা প্রশাসক ইউসুফ হারুনকে দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সংসদেও বিষয়টি তুলে ধরা হবে, যাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।’
আলোচনায় অংশ নিয়ে সাভারের উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবীর বলেন, সাভারের এক প্রভাবশালী নেতা দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে নিজেই দখল করা অংশ থেকে জমির ভাগ নিয়ে নীরব হয়ে যান। এ ধরনের মনোবৃত্তি পরিহার না করলে নদী ও খাল দখলমুক্ত হবে না।
সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, ভূমি আর শিল্প দস্যুদের কারণে সাভারবাসী বিপর্যস্ত হয়ে পড়েছে। এদের কবল থেকে সাভারের নদী ও খাল বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ হামিদ বলেন, নদী ও খাল দখল করে বাণিজ্য করছেন কতিপয় প্রভাবশালী। আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাখ লাখ সাধারণ মানুষ।
যোগাযোগ করা হলে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসক ইউসুফ হারুন আজ আমাকে তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসনের নির্দেশ পাওয়ার পরই আমি নদী ও খাল দখলমুক্ত করতে সহকারী কমিশনারকে (ভূমি) তাত্ক্ষণিক ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’